ঘরের মাঠে এভারটনের বিপক্ষে একের পর এক আক্রমণ শানিয়ে ব্যর্থ হচ্ছিল আর্সেনাল। ক্রসের পর ক্রস আর গোলমুখে শট নিয়েও লক্ষ্যভেদ করতে পারছিল না গানাররা। টফিদের বিপক্ষে পয়েন্ট হারানোই নিয়তি মনে হচ্ছিল। কিন্তু ম্যাচের শেষদিকে এসে বদলি হিসেবে নামা এক ১৬ বছর বয়সী পাল্টে দিলেন ম্যায়ের গতিপথ। জাদুকরী পারফরম্যান্সে আর্সেনালকে এনে দিলেন পূর্ণ ৩ পয়েন্ট। এদিকে, দিনের আরেক ম্যাচে হেরে গেছে চেলসি।
শনিবার (১৪ মার্চ) এমিরেটস স্টেডিয়ামে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে শিরোপাপ্রত্যাশী আর্সেনাল। ৮৮ মিনিট পর্যন্ত গোলশূন্য ম্যাচে শেষ ৮ মিনিটে ২ গোল করে জয় ছিনিয়ে নিয়েছে গানাররা।
আর্সেনালের পক্ষে প্রথম গোলটি করেন ভিক্তর ইয়োকেরেস। যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেন ১৬ বছর বয়সী ম্যাক্স ডাউম্যান। এর আগে প্রথম গোলটির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই মিডফিল্ডার। আর্সেনালের দ্বিতীয় গোলটি করে প্রিমিয়ার লিগের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা বনে গেছেন ডাউম্যান।
এই জয়ে ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করেছে আর্সেনাল। ৩০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে এভারটন ৮ নম্বরে।
ঘরের মাঠে এদিন একচেটিয়া আধিপত্য দেখিয়েও গোল পাচ্ছিল না আর্সেনাল। ৬৫ শতাংশ বল পজেশন রেখে মোট ২৫টি শট নিয়েছে গানাররা, যার ৭টিই লক্ষ্যে ছিল। বিপরীতে টফিরা ৯টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে। তবে আর্সেনালের আক্রমণের চেয়ে এভারটনের প্রতিআক্রমণগুলোই বেশি ভয়ঙ্কর হচ্ছিল।
ম্যাচজুড়ে ত্রাস ছড়িয়েও গোলের দেখা না পাওয়ায় আর্সেনাল কোচ মিকেল আর্তেতা ৭৪ মিনিটে জুবিমেন্দির বদলি হিসেবে ডাউম্যানকে নামান। আর এরপরই আক্রমণগুলো কার্যকর হয়ে ওঠে।
একের পর এক আক্রমণের ফল হিসেবে ৮৯ মিনিটে এগিয়ে যায় গানাররা। ডাউম্যানের নিখুঁত ফ্রিকিক লাফিয়েও ভালোভাবে স্পর্শ করতে পারেননি গোলরক্ষক পিকফোর্ড। তার ভুলে ফাঁকা জাল পেয়ে যায় আর্সেনাল। এনকাপিয়ার গায়ে লেগে বল পেয়ে যান ইয়োকেরেস, সহজেই জালে বল পাঠান তিনি।
যোগ করা সময়ে গোল করেন ডাউম্যান। ফ্রিকিক নিতে এভারটনের সব খেলোয়াড় চলে এসেছিল আর্সেনালের অর্ধে। নিজেদের অর্ধে বল পেয়ে দারুণ গতিতে ছুটে ফাঁকা জালে বল পাঠান ডাউম্যান।
মাত্র ১৬ বছর ৭৩ দিনে প্রিমিয়ার লিগে গোল পেলেন এই মিডফিল্ডার। যা তাকে এনে দিয়েছে লিগটির ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার সম্মান।
এদিকে, ঘরের মাঠে চেলসি হেরেছে নিউক্যাসল ইউনাইটেডের কাছে। ম্যাচের ১৮ মিনিটে অ্যান্থনি গর্ডন একমাত্র গোলটি করেন।
এই হারে ৩০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে চেলসি। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে নিউক্যাসল ৯ নম্বরে।
এ জাতীয় আরো খবর..