রাজধানীর সরকারি হাসপাতালে দালালবিরোধী অভিযান, আটক ২০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৮, | ১৪:১৬:০০ |
রাজধানীর তিনটি বড় সরকারি হাসপাতালে দালালবিরোধী অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকালে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ অভিযান পরিচালনা করে র‍্যাব-২।

র‍্যাব সূত্র জানায়, রোগীদের হয়রানি এবং হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে সকাল থেকে এ অভিযান শুরু করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত দালালবিরোধী সাত দফা কর্মসূচির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সরকারি হাসপাতালের বাইরে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিল বলে জানিয়েছে র‍্যাব।

এদিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। রোগীদের সেবার মান বাড়াতে হাসপাতালের ভেতরে হুইলচেয়ার সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং সব স্টাফের জন্য নির্ধারিত পোশাক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালকে দালালমুক্ত রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..