রাজধানীর স্বামীবাগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানকে লক্ষ্য করে যে অস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছে, সেটি গত ৫ আগস্ট থানা থেকে লুট করা হয়েছিল। এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেপ্তারদের কাছ থেকে থানা থেকে লুট হওয়া পিস্তল ও রিভলভারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি।
গ্রেপ্তাররা হলেন– সৈয়দ জিসান আহমেদ (২৯), সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস (২২), ওমর ফারুক সায়েম (২১) ও সোলায়মান হোসেন চৌধুরী (২৫)।
সংবাদ সম্মেলনে ডিসি সামি জানান, গত সোমবার (২ মার্চ) দুপুর আনুমানিক ১২টা ৫ মিনিটের দিকে স্বামীবাগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করছিল। এসময় ৩-৪ জন অজ্ঞাত দুষ্কৃতকারী পরিদর্শক সিদ্দিকুর রহমানকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে গেলে ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা করা হয়।
তিনি আরও জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে একটি রিভলভার, ৪ রাউন্ড গুলি ও ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩ মার্চ) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিসান, পিয়াস ও সায়েমকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে আরও একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ সোলায়মানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তারকৃতরা মূলত মাদক সেবন করতে সেখানে গিয়েছিলেন। পরে মাদকদ্রব্যের অফিসাররা তাদের চ্যালেঞ্জ করলে তাঁরা গুলি ছোড়েন। অভিযানে গ্রেপ্তার চারজনের কাছ থেকে মোট দুইটি পিস্তল, একটি রিভলভার, দুইটি ম্যাগাজিন, ২৩ রাউন্ড তাজা গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ডিসি মল্লিক আহসান উদ্দীন সামি আরও জানান, গত এক সপ্তাহে ওয়ারী এলাকায় নানা অভিযোগে মোট ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..