চট্টগ্রামের রাউজানে একটি বাজারের মুদি দোকানে বসে থাকা অবস্থায় আবদুল মজিদ (৫৬) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের দাবি, নিহত মজিদ যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
রাউজান থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত আবদুল মজিদ অলি মিয়ার হাট এলাকার বাসিন্দা। তিনি যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে দলীয় সূত্র জানালেও দলের কোনো পদে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে মজিদের সঙ্গে স্থানীয় কিছু লোকজনের কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর দুর্বৃত্তরা এসে বাজারের একটি মুদি দোকানে বসা অবস্থায় মজিদকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির আঘাতে ঘটনাস্থলেই মজিদ মারা যান।
ওসি আরও জানান, নিহত মজিদের রাজনৈতিক পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, গুলি করা দুর্বৃত্তরা ওই এলাকারই লোক। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এ জাতীয় আরো খবর..