চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার লেগ স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট ধরা পড়ায় টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না তার।
কলম্বোয় গত রবিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন হাসারাঙ্গা। তবে চোট সত্ত্বেও নিজের বোলিং কোটা পূর্ণ করেন।
৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নিয়ে আইরিশদের বড় ধাক্কা দেন। শ্রীলঙ্কা ম্যাচ জেতে ২০ রানে। ম্যাচ শেষে হাসারাঙ্গার এমআরআই স্ক্যান করানো হয়। স্ক্যান রিপোর্টে তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর চিড় ধরা পড়ে।
সেই রিপোর্ট যুক্তরাজ্যের এক বিশেষজ্ঞের কাছে পাঠানো হলে তিনি নিশ্চিত করেন, এই চোট নিয়ে হাসারাঙ্গার পক্ষে বিশ্বকাপে আর খেলতে নামা সম্ভব নয়। তার পরই তাকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
হাসারাঙ্গার জায়গায় দলে নেওয়া হতে পারে আরেক লেগ স্পিন অলরাউন্ডার দুশান হেমন্তকে। এসএলসি এ ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত জানাবে। এরপর আইসিসির অনুমোদনের অপেক্ষায় থাকবে।
হাসারাঙ্গার চোট নিয়ে শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার ফারভেজ মাহারুফ বলেছেন, ‘এক পায়ে ভর দিয়ে বোলিং করে দলকে জেতাতে সহায়তা করার জন্য হাসারাঙ্গাকে কৃতিত্ব দিতেই হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার পরের ম্যাচ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পাল্লেকেলেতে ওমানের বিপক্ষে।
এ জাতীয় আরো খবর..