ইনিংসজুড়ে সংযুক্ত আরব আমিরাতের বোলারদের ওপর ছড়ি ঘোরালেন ফিন অ্যালেন ও টিম সাইফার্ট। তাদের রেকর্ড জুটিতে আরব আমিরাতকে স্রেফ উড়িয়ে দিল নিউজিল্যান্ড।
চেন্নাইয়ে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের ম্যাচে ১০ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। আরব আমিরাতের ১৭৪ রানের লক্ষ্য ২৮ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে কিউইরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে সপ্তমবারের মতো দেখা গেল ১০ উইকেটের জয়। তবে সবচেয়ে বেশি রান তাড়ায় বিনা উইকেটে জয়ের কীর্তি গড়ল নিউজিল্যান্ড। ২০২২ আসরের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১৬৯ রানের লক্ষ্যে ১০ উইকেটে জিতেছিল ইংল্যান্ড।
অ্যালেন ও সাইফার্টের ১৭৫ রানের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ।
আগের রেকর্ডটি ছিল জস বাটলার ও অ্যালেক্স হেলসের অবিচ্ছিন্ন ১৭০ রানের জুটি। টি-টোয়েন্টিতে শুরুর জুটিতে অ্যালেন ও সাইফার্টেও ১৭৫ কিউইদের হয়ে সর্বোচ্চ। আর যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ।
আসরের নিজের প্রথম ম্যাচে সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ড গড়ে জিতেছিল নিউজিল্যান্ড।
ওই ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা সাইফার্ট আজ অপরাজিত থাকেন ৮৯ রানে। তার ৪২ বলের ইনিংস সাজানো তিনটি ছক্কা ও ১২টি চারে। গত ম্যাচের মতো এবারও সেরার পুরস্কার জিতে নেন তিনি।
আফগানদের বিপক্ষে মাত্র ১ রান করা অ্যালেন এদিন খেলেন ৫০ বলে ৮৪ রানের ইনিংস। পাঁচটি করে ছক্কা-চার মারেন তিনি।
এর আগে ব্যাট হাতে আলো ছড়ান আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ও আলিশান শরাফু। দ্বিতীয় উইকেটে ১০৭ রানের যুগলবন্দি গড়েন তারা। দুজনই ফিফটির দেখা পান। তবে অ্যালেন ও সাইফার্টের কাছে ম্লান হয়ে গেছে তারা।
সংক্ষিপ্ত স্কোর
আরব আমিরাত : ২০ ওভারে ১৭৩/৬ (ওয়াসিম ৬৬*, আলিশান ৫৫, মায়াঙ্ক ২১; হেনরি ২/৩৭, ডাফি ১/১৬, স্যান্টনার ১/২৩, ফিলিপস ১/৩০, ফার্গুসন ১/৩৫)।
নিউজিল্যান্ড : ১৫.২ ওভারে ১৭৫/০ (সাইফার্ট ৮৯*, অ্যালেন ৮৪*; ধ্রুব ০/১৪)।
ফল : নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : টিম সাইফার্ট (নিউজিল্যান্ড)।
এ জাতীয় আরো খবর..