✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ০৯:০৪:৩১ |ঘূর্ণিঝড় আকভান এসে হেমন্তের দিনটা ভিজিয়ে দিল। ছাদের গাছগুলোও ভিজল, মনে হলো বর্ষাকাল চলছে। মেঘমেদূর ক্ষীয়মান আলো আর টিপটিপ বৃষ্টিতে বাসার ছাদের একটি গাছে দেখলাম উজ্জ্বল হয়ে ফুটে রয়েছে কয়েকটা সাদা ফুল। এরকম চেহারার ফুল এবারের কার্তিকের মাঠে মাঠে দেখেছি অনেক, কিন্তু সেগুলোর রং ছিল নীল, নাম ছিল তার কানাইনালা আর কানাইবাঁশি। এমন শুভ্রবসনা ফুলকে হেমন্তের ছিটেফোঁটা বৃষ্টিপড়া আর্দ্র হাওয়া দিয়েছে যেন স্বর্গীয় স্নিগ্ধতা, দীর্ঘক্ষণ পাপড়িগুলো মেলে রাখার পরমায়ু। ছায়া ছায়া কোমল আঁধার, অমাবস্যার রাতে যেমন উজ্জ্বল হয়ে ফুটে থাকে আকাশের তারাগুলো, এ ফুলগুলোকে মনে হচ্ছে এমন একটা গুমোট দিনকে সে তার শুভ্রতা দিয়ে সেই উজ্জ্বলতা ঢেলে দিয়েছে। মনে পড়ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ফুলবালা কবিতার চারটে লাইন: ‘ঝোপে ঝোপে ঝোপে লুকায়ে আঁধার,/ হেথা হোথা চাঁদ মারিছে উঁকি/ সুধীরে আঁধার-ঘোমটা হইতে,/ কুসুমের থোলো হাসে মুচুকি।’ বেগুনি-বাদামি রঙের নৌকা বা ঝিনুকের মতো একজোড়া মঞ্জরিপত্রের ফাঁক দিয়ে এক থোকা ছোট্ট ফুল যেন উঁকি দিয়ে মুচকি হাসছে, বেশ কাব্যিক সে দৃশ্য। বলতে ইচ্ছে করছে–‘সকল ভুলিয়া হৃদয় খুলিয়া, আকাশে তুলিয়া করিব গান।’
নৌকাসদৃশ মঞ্জরিপত্রের কোরকে ফোটা ফুল, তাই এ ফুলের ইংরেজি নাম রাখা হয়েছে বোট লিলি (Boat lily)। তবে লিলি বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে শাপলা ফুল যেগুলো জলে জন্মে। এটি তা না। এটি জন্মে স্থলে। বাসার ছাদে লাগিয়েছি টবে, যত্ন-আত্তি তেমন করা হয় না। তবুও সে উদ্ভিদ অবহেলা সহ্য করে টব ভরে ফেলেছে, ফুলও দিচ্ছে। মঞ্জরিপত্রের গড়ন ঝিনুকের মতো, তাই এর আর এক নাম অয়েস্টার প্ল্যান্ট (Oyster plant)। বাইবেলে বর্ণিত এক পৌরাণিক কাহিনির সঙ্গেও এর সম্পর্ক খুঁজে পাওয়া যায়। এর নৌকাকৃতি মঞ্জরিপত্রের ভেতরে ফোটা ফুল যেন শিশু মোজেসের কথা মনে করিয়ে দেয়। বাইবেলের কাহিনি অনুসারে, শিশু মোজেসকে একটি নলখাগড়ার ঝুড়িতে করে জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। তিনি নলখাগড়ার ঝোপের মধ্যে ভাসছিলেন। এ উদ্ভিদের ফুলগুলোকে কল্পনা করা হয়েছে শিশু মোজেস রূপে, শুভ্রতা হলো তার পবিত্রতা। নৌকাসদৃশ মঞ্জরিপত্র হলো বাইবেলে বর্ণিত সেই ঝুড়ির প্রতিকৃতি। এজন্য এ উদ্ভিদের আর এক নাম হলো ‘মোজেস-ইন-দ্য-ক্র্যাডেল’ (Moses-in-the-cradle)। বাংলায় কেউ কেউ বলেন নৌকা-লিলি ও ঝিনুক গাছ। নার্সারির লোকেরা বলেন রিও প্লান্ট। তবে সারা বিশ্বের লোকেরা তাকে চেনেন তার উদ্ভিদতাত্ত্বিক নাম Tradescantia spathacea অনুসারে। কানশিরা বা কানাইবাঁশি উদ্ভিদের স্বগোত্রীয় উদ্ভিদ, গোত্র কোম্মেলিনেসী। ‘Tradescantia গণের নামকরণ করা হয়েছে ইংল্যান্ডের দুই উদ্যানবিদ ও উদ্ভিদ সংগ্রাহক জন ট্রেডেসক্যান্ট দ্য এল্ডার ও তার ছেলে জন ট্রেডেসক্যান্ট দ্য ইয়ঙ্গারের নামানুসারে।
এটি মাংসল ভূগর্ভস্থ কাণ্ড বা রাইজোমযুক্ত বহুবর্ষজীবী বিরুৎজাতীয় উদ্ভিদ, যা ৩০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, বাঁচে কয়েক বছর। মূল গাছ মরে গেলেও তার গোড়া থেকে নতুন গাছ জন্মাতে থাকে। পাতাগুলো গোড়া থেকে তীর্যকভাবে খাড়া হয়ে জন্মে, দেখতে ঝোপের মতো দেখায়। পত্রফলক শক্ত, পুরু, বর্শার ফলার মতো, অগ্রভাগ সুচালো। এ উদ্ভিদের ফুলের চেয়ে পাতাগুলোর সৌন্দর্যের কারণেই বাগানে ও টবে বাহারি উদ্ভিদ হিসেবে লাগানো হয়। গোড়া থেকে একটির পর একটি করে পাতা পর্যায়ক্রমে রোজেট তৈরি করে। পাতার নিচের বা তলার পিঠের রং ঘন বেগুনি ওপরের পিঠের রং উজ্জ্বল সবুজ। পাতার নিচের পিঠে অ্যান্থোসায়ানিন থাকার কারণে এমন রং হয়। কোনো কোনো বোট লিলির ভেরিগেটেড জাতও আছে। সে জাতের পাতার মধ্যে হলদে, গোলাপি ও হালকা সবুজ লম্বা ডোরা বা রেখা থাকে। ফুল খুব ছোট, গুচ্ছাকারে থাকে। পাতার কক্ষে নৌকাকৃতির মঞ্জরিপত্রের মধ্যে ফুলগুলো গুচ্ছাকারে থাকে। ফুল ফোটার সময় সেগুলো মঞ্জরিপত্রের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে আসে। ফুল ছোট, তিন পাপড়িবিশিষ্ট, পাপড়ি সাদা, কেশর হলুদ যেগুলো ফুলের কেন্দ্রস্থলে থাকে।
এ উদ্ভিদের আদি নিবাস দক্ষিণ মেক্সিকো, গুয়াতেমালা ও বেলিজ অঞ্চল। আমেরিকার ফ্লোরিডা, লুইজিয়ানা, টেক্সাস প্রভৃতি রাজ্যে একে মধ্যম শ্রেণির আগ্রাসি উদ্ভিদ হিসেবে তালিকাবদ্ধ করা হয়েছে। আমাদের দেশে এটি বাগানের বাহারি উদ্ভিদ। বাগানে পথের ধারে বর্ডার প্ল্যান্ট হিসেবে ও অসুন্দর স্থান ঢাকতে ঘন আচ্ছাদন তৈরির জন্য এ উদ্ভিদ ব্যবহৃত হয়। গোড়া থেকে বের হওয়া চারাগুলো আলাদা করে লাগালে নতুন গাছ পাওয়া যায়। বাংলাদেশে প্রায় সারা বছরই ফুল ফোটে। শীতপ্রধান দেশগুলোতে ফুল ফোটে বসন্ত থেকে শরতে।