✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ০৮:৫১:৫১ |চাকরির দুটি অফার হাতে। একটিতে বেতন বেশি, অন্যটিতে মানসিক শান্তি। কিংবা বিয়ের প্রস্তাব এসেছে, মন সায় দিচ্ছে না, আবার ফেলে দেওয়ার মতোও মনে হচ্ছে না। জীবনের বাঁকে বাঁকে আমরা এমন দোটানায় পড়ি। তখন কার কাছে যাই? বন্ধু, আত্মীয়, নাকি গুগলে? অথচ রাসুলুল্লাহ (সা.) আমাদের জন্য একটি সহজ ও অনন্য সমাধান রেখে গেছেন, ইস্তিখারা।
কী এই ইস্তিখারা?
ইস্তিখারা মানে আল্লাহর কাছে কল্যাণ চাওয়া। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে আমরা নিজের সীমিত জ্ঞানের ওপর ভরসা না করে সর্বজ্ঞ রবের কাছে পথ চাই।
সাহাবিদের শেখার ধরন
জাবির ইবনে আব্দুল্লাহ (রা.) বলেন, কোরআনের সুরা যেভাবে শেখাতেন, রাসুল (সা.) ঠিক সেভাবেই আমাদের ইস্তিখারা শেখাতেন। (বুখারি, ১১৬৬) এর মাধ্যমে বোঝা যায়, বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ।
নিয়ম কী?
প্রথমে ফরজ ছাড়া দুই রাকআত নফল নামাজ পড়ুন। সালাম ফিরিয়ে ইস্তিখারার নির্ধারিত দোয়া পড়ুন। দোয়ার মাঝখানে নিজের কাজ বা সিদ্ধান্তের কথা উল্লেখ করুন।
দোয়ার মূল বার্তা
বান্দা বলে, হে আল্লাহ, তুমি জানো, আমি জানি না। তুমি সক্ষম, আমি অক্ষম। কাজটি যদি আমার দ্বীন, জীবিকা ও পরিণতির জন্য ভালো হয়, তবে তা সহজ করে দাও ও বরকত দাও। আর মন্দ হলে আমাকে তা থেকে দূরে রাখো, এবং যেখানেই কল্যাণ থাকুক তা আমার জন্য নির্ধারণ করে সন্তুষ্ট রাখো।
সবচেয়ে বড় প্রশান্তি
ইস্তিখারার আসল সৌন্দর্য হলো আত্মসমর্পণ। ফলাফল যা-ই হোক, এ বিশ্বাস থাকে যে আমার রব আমার জন্য সর্বোত্তমটাই বেছে রেখেছেন। তাই সামনের বড় সিদ্ধান্তে আগে সিজদায় লুটিয়ে পড়ুন, তারপর পা বাড়ান।