✕


ওয়ার্নারকে সত্য প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলাম: খাজা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৯, | ১৩:১৫:০২ |

২০১৮ সালের বল টেম্পারিং কাণ্ডে শুধু ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট নন, পুরো দলেরই দায় ছিল বলে জানিয়েছেন উসমান খাজা। নিজের আত্মজীবনী প্রকাশের আগে এই কাণ্ড নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার। তার দাবি, শৈশবের বন্ধু ও দীর্ঘদিনের উদ্বোধনী জুটি ওয়ার্নারকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই এত দিন পর সত্য প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার প্রকাশিত হতে যাচ্ছে খাজার আত্মজীবনী ‘সবর’। বইটি প্রকাশের আগে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের বল টেম্পারিং কাণ্ড নিয়ে নিজের জানা তথ্য তুলে ধরেন তিনি। এরপর রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ভিডিও প্রকাশ করে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন খাওয়াজা। সেখানে আবারও জানান, ওই ঘটনার দায় শুধু তিন ক্রিকেটারের ওপর চাপানো ঠিক হয়নি।

খাজা বলেন, 'আমি কাউকে বিপদে ফেলিনি। বর্তমানে যারা দলে আছে এবং দক্ষিণ আফ্রিকা সফরে যারা ছিল, তাদের মধ্যে আমিও ছিলাম। আমরা কেউ ভুক্তভোগী নই। তিনজন সব দায় নিজেদের কাঁধে নিয়েছিল। প্রকৃতপক্ষে তারাই ভুক্তভোগী। দর্শকদের কাছ থেকে দুয়োধ্বনি শুনতে হয়েছে, প্রতারক অপবাদ সহ্য করতে হয়েছে, প্রকাশ্যে অপমানিত হতে হয়েছে তাদের।'

তিনি আরও বলেন, 'শৈশবের বন্ধু ডেভিড ওয়ার্নারকে আমি সত্য বলার প্রতিশ্রুতি দিয়েছিলাম, যাতে সে নিজের গল্পটা বলতে পারে। এ জন্য আমি মোটেও অনুতপ্ত নই। অতীতেও ক্রিকেটারদের অধিকার আদায়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে লড়াই করেছি। এবারও তার ব্যতিক্রম নয়।'

খাজার মতে, ওই তিন ক্রিকেটার ন্যায়বিচার পাওয়ার যোগ্য। তিনি বলেন, 'আমি কারও দিকে আঙুল তুলিনি। এত বছর ধরে যে বিষয়টির জন্য চেষ্টা করছি, এখনো সেটাই চাই। আমিসহ পুরো দল যেন সম্মিলিতভাবে দায় স্বীকার করতে পারি, যাতে এই অধ্যায়ের চিরতরে সমাপ্তি ঘটে। বিশ্বাস করুন, আবারও একই কাজ করতে হলে এক মুহূর্তও ভাবতাম না।'

রোববার প্রকাশিত প্রথম ভিডিওর শুরুতে খাজা ব্যাখ্যা করেন, 'আমরা সবাই দায়ী ছিলাম' বলতে তিনি পুরো দলের দায়িত্বের কথাই বুঝিয়েছেন। তবে দলের প্রত্যেকে ওই ঘটনা সম্পর্কে জানতেন, সেটিও অস্বীকার করেননি তিনি।

তিনি বলেন, 'আমার বইয়ে আমি কখনো অন্য কারও হয়ে কথা বলিনি।'

২০১৮ সালে কেপটাউন টেস্টের পর স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেই ঘটনার পরপরই সংবাদমাধ্যমে সবকিছু খুলে বলতে চেয়েছিলেন খাজা।

তিনি বলেন, 'স্মাজ (স্মিথ) তখন দলের নেতা হিসেবে দায়িত্ব নিয়ে আমাকে মুখ খুলতে নিষেধ করেছিল। সে নিজেই সব দায় নিতে চেয়েছিল। আমি তার সঙ্গে তর্কও করেছি। কিন্তু সে কিছুতেই রাজি হয়নি। প্রথমবার এভাবেই সত্য প্রকাশের চেষ্টা করেছিলাম।'

২০২১ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যানক্রফট বলেছিলেন, দক্ষিণ আফ্রিকায় বল বিকৃতির ঘটনা সম্পর্কে বোলারদের জানার বিষয়টি ছিল 'স্পষ্ট'। এরপর আবারও পুরো দলের সম্মিলিত দায় স্বীকারের পক্ষে কথা বলতে চেয়েছিলেন খাজা।

কিন্তু বোলাররা যৌথ বিবৃতি দেওয়ার পর প্রকাশ্যে কিছু বলা তার কাছে অসম্ভব হয়ে পড়ে। নিউজ করপোরেশনের প্রকাশিত বইয়ের একটি অংশে খাজা লিখেছেন, 'বিষয়টি আমাকে ভীষণ ক্ষুব্ধ করেছিল। তবে ডেভির (ওয়ার্নার) রাগ ছিল আমার চেয়েও বেশি। সেদিন রাতে বেশ উত্তপ্ত কিছু বার্তা পেয়েছিলাম। স্মাজ এতে কতটা বিরক্ত হয়েছিল, তা নিশ্চিত নই। তবে আমার ধারণা, সেও খুশি ছিল না।'

সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে খাজা আরও বলেন, 'তখন ওই ক্রিকেটারদের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইনি। বিষয়টি নিয়ে স্বস্তিবোধ করছিলাম না। এটাই সত্য।'

এত দিন খেলার মধ্যে থেকেও কেন বিষয়টি নিয়ে মুখ খোলেননি, সেই ব্যাখ্যায় তিনি বলেন, 'গত চার বছর খেলতে খেলতে কেন কিছু বলিনি, সেই প্রশ্ন আসতেই পারে। সত্যি বলতে, আমি কখনোই প্রথম ব্যক্তি হিসেবে এ নিয়ে কথা বলতে চাইনি। আমাকে ভীতু বলতে পারেন, যা খুশি বলতে পারেন। কিন্তু কীভাবে বিষয়টি সামনে আনব, তা বুঝতে পারিনি। কারণ তখনো আমি দলের অংশ ছিলাম। সতীর্থদের কেউ যখন এ নিয়ে কথা বলতে চাইত না, তখন কীভাবে আমি বিষয়টি তুলতাম? আমি জানতাম, আমার প্রতিটি কথা ও কাজ দলের ওপর প্রভাব ফেলবে।'

খাজা আরও বলেন, 'সব সময় দলের স্বার্থকে সবার আগে রেখেছি। কিন্তু এখন আর আমি সেই দলের অংশ নই। এখন আমার বক্তব্য আর দলের প্রতিফলন নয়। আমার কথায় দলের ওপর কোনো প্রভাব পড়বে না। এখন আমি শুধু নিজের হয়ে কথা বলছি।'

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..