✕


ইরানে নতুন হামলার সম্ভাবনা কম, বিশ্ববাজারে কমেছে তেলের দাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৯, | ১৩:১৩:৫৬ |

ইরানের সঙ্গে সংঘাত বন্ধে আলোচনায় অগ্রগতির কথা জানিয়ে দেশটিতে নতুন করে হামলার সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ বক্তব্যের পর সোমবার সপ্তাহের প্রথম কার্যদিবসে আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। তবে হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলার পাল্টাপাল্টি অভিযোগে বাজারে উদ্বেগ এখনো কাটেনি। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সোমবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ১টা ৩৮ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৪ সেন্ট বা শূন্য দশমিক ৮৫ শতাংশ কমে ৯৭ ডলার ৪৮ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩২ সেন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ কমে দাঁড়ায় ৯০ ডলার ৫১ সেন্টে।

শুক্রবারের লেনদেন শেষে তেলের দামে সামান্য যে উত্থান হয়েছিল, সোমবার তা আবার কমে যায়। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ১৭ শতাংশ কমেছে। এলএসইজির ১৯৮৮ সাল থেকে সংরক্ষিত তথ্য অনুযায়ী, করোনাভাইরাস মহামারি শুরুর পর এটিই ছিল ব্রেন্টের সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

মার্কিন বার্তাসংস্থা সিএনএনকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি শক্তিশালী চুক্তি স্বাক্ষরিত হবে কি না, তার ওপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে। তার ভাষায়, ‘এর প্রয়োজন হওয়ার সম্ভাবনা খুবই কম।’

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে হারের পর ইরানে নতুন করে হামলার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো মার্কিন সামরিক অভিযানের লক্ষণ দেখা যায়নি। অন্যদিকে, ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানবে।

কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে তুলনামূলক সংযত বলে উল্লেখ করেছেন। তবে তার মতে, মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পের ইরান নীতিতে স্থায়ী কোনো পরিবর্তন এসেছে, নাকি এটি সাময়িক অবস্থান পরিবর্তন বাজার এখন সেই বিষয়টি পর্যবেক্ষণ করছে।

এদিকে তেলের বৈশ্বিক বাজারে আবারও সরবরাহ উদ্বৃত্তের আশঙ্কা তৈরি হয়েছে। জেপি মরগ্যানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরুদ্ধার, অন্যান্য দেশের উৎপাদন বৃদ্ধি এবং দুর্বল চাহিদার কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যবহারকে ছাড়িয়ে যাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে বিশ্ববাজারে দৈনিক তেলের উদ্বৃত্ত ছিল ১১ লাখ ব্যারেল। অক্টোবরে তা বেড়ে দৈনিক ১৪ লাখ ব্যারেলে পৌঁছাতে পারে।

এদিকে রোববার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন জানিয়েছেন, ওমানের কাছাকাছি একটি নৌপথ ব্যবহার করে হরমুজ প্রণালি দিয়ে ইরাকি তেল রপ্তানির সুযোগ দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হয়েছে। বার্তাসংস্থা আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যুদ্ধ ও তেল রপ্তানিতে বিঘ্নের কারণে ইরাকের আর্থিক ক্ষতির পরিমাণ ৬০০০ কোটি ডলারে পৌঁছেছে।

অন্যদিকে, রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর কার্যালয়ে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হামলায় ভবনটির জানালার কাচ ভেঙে গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সব মিলিয়ে ইরান যুদ্ধ বন্ধে আলোচনার সম্ভাবনা তেলের বাজারে স্বস্তি ফিরিয়ে আনলেও হরমুজ প্রণালির নিরাপত্তা, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এবং বৈশ্বিক সরবরাহ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..