✕


নেতানিয়াহুও আমার নেতৃত্বে সরকারে যোগ দিতে পারেন: আইজেনকোট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৮, | ২৩:৩২:১২ |

ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট। তার নেতৃত্বে গঠিতব্য সরকারে বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার অতি-ডানপন্থী মিত্ররাও অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন তিনি। তবে এ ক্ষেত্রে সরকার পরিচালনার নেতৃত্ব তার হাতেই থাকতে হবে বলে স্পষ্ট করেছেন আইজেনকোট।

তিনি বলেন, নেতানিয়াহু ও তার অতি-ডানপন্থী মিত্ররা চাইলে নতুন সরকারে যুক্ত হতে পারেন। তবে সেই সরকার পরিচালিত হতে হবে তার নেতৃত্বে।

সামরিক বাহিনীর সাবেক এই প্রধান মূলত নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এবং অতি-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের দল রিলিজিয়াস জায়োনিস্ট পার্টিকে লক্ষ্য করে এ প্রস্তাব দিয়েছেন।

আইজেনকোটের ভাষ্য, লিকুদ ও রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির সদস্যরা যদি সত্যিই মনে করেন, বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রয়োজন—যেমনটি তারা প্রেসিডেন্টের কাছেও জানিয়েছেন, তাহলে তার প্রস্তাবিত নীতিমালা ও নেতৃত্বে গঠিত সরকারকে সমর্থন না করার কোনো যুক্তি তিনি দেখছেন না।

এর আগে রোববার, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে ইসরায়েলে স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। এ সময় দেশটি অত্যন্ত অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে সতর্ক করেন তিনি।

প্রেসিডেন্টের কাছ থেকে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর আইজেনকোট একে ইসরায়েলি গণতন্ত্রের অন্যতম নাজুক ও বিপজ্জনক সময় হিসেবে বর্ণনা করেন।

সূত্র: এএফপি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..