✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৭, | ১৩:৩৭:০৬ |মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় প্রতিকুল পরিস্থিতির কারণে সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাতের উড়োজাহাজ সংস্থা ফ্লাই দুবাই।
জানা গেছে, আগামী ১৬ নভেম্বর পর্যন্ত রিয়াদ ও আবহাগামী সব ফ্লাইট স্থগিত থাকবে। তবে ১৭ নভেম্বর থেকে এ দুটি গন্তব্যে টিকিট বুকিংয়ের সুযোগ দেখা যাচ্ছে।
গতকাল শুক্রবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত ফ্লাইট সূচকে এসব তথ্য পাওয়া গেছে।
যদিও সৌদি আরবের কয়েকটি গন্তব্যে ধীরে ধীরে ফ্লাইট চালু করছে ফ্লাই দুবাই। এরই মধ্যে জেদ্দা, গাসিম, হাইল, তাবুক ও তাইফ রুটে ফ্লাইট চলাচল সচল রয়েছে। এছাড়া ১০ নভেম্বর থেকে দাম্মামগামী ফ্লাইটের টিকিটও বুকিং পাওয়া যাবে।
তবে আলউলা, হুফুফ, জুফ, মদিনা, নজরান, নিওম, কাইসুমাহ ও ইয়ানবু গন্তব্যে আপাতত টিকিট বুকিংয়ের সুযোগ নেই।
সৌদি আরবের বিমান চলাচল অবকাঠামোয় হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ফ্লাইট সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ৬ ও ৭ অক্টোবর আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুইজন নিহত এবং ২৮ জন আহত হন বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এরপর ৭ থেকে ১১ অক্টোবরের মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও একাধিক হামলার ঘটনা ঘটে। এসব হামলায় হতাহতের ঘটনা ঘটে। ৯ অক্টোবরের হামলায় তিন সৌদি নাগরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ।
তবে ১০ অক্টোবরের হামলাটি ছিল সবচেয়ে প্রাণঘাতী। ওই ঘটনায় প্রথমে ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছিল। পরে আহতদের মধ্যে আরও কয়েকজনের মৃত্যু হয়।
এসব হামলার পর বিভিন্ন উড়োজাহাজ সংস্থা ফ্লাইট বাতিল ও বিকল্প পথে চলাচল শুরু করে। এতে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের সঙ্গে আকাশপথে যোগাযোগ ব্যাহত হয়।
এদিকে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
এ কারণে গত বৃহস্পতিবার দেশটির ইয়ানবু ও শারুরাহ এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়। পরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ বিপদ কেটে যাওয়ার কথা জানায়। তবে কী কারণে সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
নিরাপত্তা পরিস্থিতির এই অনিশ্চয়তার মধ্যে সৌদি আরবগামী যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ সময়সূচি যাচাই করে ভ্রমণের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।