✕


এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-৩১, | ০৯:০৫:০৫ |

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ শনিবার বেলা ১১টায়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর পরই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিলেন। ফল প্রকাশের মধ্য দিয়ে তাদের আড়াই মাসের অপেক্ষার অবসান ঘটবে। তবে পরীক্ষায় বেশ কিছু সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফল প্রকাশের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলের তালিকা ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান ছাড়াও অনলাইন ও মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানতে পারবেন।

ফল জানা যাবে যেভাবে : ফলপ্রার্থীরা ফল প্রকাশ সংক্রান্ত নির্দিষ্ট দুটি ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল সংগ্রহ করতে পারবেন। নির্দিষ্ট দুই ওয়েবসাইট হলো eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd।

মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও ফল জানার সুযোগ থাকছে। এ জন্য যে কোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে। বার্তার ফরম্যাট হবে : HSC লিখে একটি স্পেস, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ : HSC Dha ১২৩৪৫৬ ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় ফল জানা যাবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে ফলাফল পাওয়া যাবে না।

পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে : প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামীকাল রবিবার থেকে ৭ নভেম্বর পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইট ৎবংপৎঁঃরহু.বফঁনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ-এ প্রবেশ করে পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন তালিকা থেকে শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলে ওই নম্বরে খুদে বার্তা পাঠানো হবে।

এরপর শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফল দেখা যাবে। যেসব বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ফি পরিশোধ করতে হবে। প্রতিটি পত্রের জন্য আবেদন ফি ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।

ফি বিকাশ, নগদ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালি সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে জমা দিন বাটনে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে।

আবেদন জমার আগে সতর্কতা : ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাতিল করা যাবে। তবে ফি পরিশোধের পর আবেদন জমা দিলে সেই বিষয় আর বাতিল করা যাবে না। একবার আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় নতুন করে আবেদন করা যাবে। এ ক্ষেত্রে আবার মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

পরিশোধ করা ফি কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হবে না। তাই আবেদন জমা দেওয়ার আগে বিষয় নির্বাচন ও ফি সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করে পরে নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..