✕


ব্রাজিল ছেড়ে পালানোর অভিযোগ অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৯, | ১২:৫১:৩২ |

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছে দেশ ছাড়ার ব্যাখ্যা দিয়েছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো। তিনি বলেছেন, নিজের মাতৃভূমি ছেড়ে যাওয়া তার উদ্দেশ্য ছিল না; বরং ব্রাজিলের স্বার্থেই তিনি দেশ ছেড়েছেন। তবে তার এই যাত্রা ঘিরে ব্রাজিলে চলমান ফৌজদারি তদন্ত ও রাজনৈতিক বিতর্ক নতুন করে জোরালো হয়েছে।

বুধবার দেওয়া প্রথম বিবৃতিতে ফ্লাভিও বলেন, ‘আমি ব্রাজিল থেকে পালাইনি; ব্রাজিলের স্বার্থেই দেশ ছেড়েছি।’ তিনি নিজেকে রাজনৈতিক নিপীড়নের শিকার দাবি করে বলেন, নিজের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রে এসেছেন। বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফ্লাভিও ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ব্রাজিলে একটি ফৌজদারি তদন্তের অংশ হিসেবে কর্তৃপক্ষ তাদের পাসপোর্ট বাতিল করার পর যুক্তরাষ্ট্র তাদের ভিসা দেয়। ফ্লাভিও অবশ্য তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।

ব্রাজিলের সদ্য পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ফ্লাভিওর গোপনে দেশ ছাড়ার সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘যাদের লুকানোর কিছু নেই, তাদের ভয় পাওয়ারও কিছু নেই।’

বিবৃতিতে ফ্লাভিও আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং তার ভাষায়, ব্রাজিলের সাধারণ মানুষের মতো মূল্যবোধ ধারণকারী মার্কিন নাগরিকদের ধন্যবাদ জানান। তিনি বর্তমান পরিস্থিতিকে ‘ব্যতিক্রমী শাসনব্যবস্থা’ হিসেবে বর্ণনা করে দাবি করেন, ভবিষ্যতে তিনি তার জনগণের প্রত্যাশা অনুযায়ী নেতা হিসেবে দায়িত্ব পালনে সক্ষম হবেন।

এ ছাড়া নির্বাচনে ‘কারচুপির’ অভিযোগও পুনরাবৃত্তি করেছেন তিনি। তার দাবি, অনিয়মের মাধ্যমে এমন একটি ফলাফল তৈরি করা হয়েছে, যা গাণিতিকভাবে অসম্ভব। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। ট্রাম্পও এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে নির্বাচনটিকে ‘অদ্ভুত’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে ফ্লাভিও ও তার পরিবারের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার পর দ্বিতীয় দফায় লুলা চার মিলিয়নের বেশি ভোটের ব্যবধানে জয়ী হন। বেশি ভোটারের অংশগ্রহণ এবং সিদ্ধান্তহীন ভোটারদের সমর্থন পাওয়াকে তার জয়ের অন্যতম কারণ হিসেবে দেখা হয়। ব্রাজিলের শীর্ষ নির্বাচনী আদালতও ফলাফল নিশ্চিত করেছে।

ফ্লাভিওর অবস্থান নিয়ে কয়েক দিন ধরে নানা জল্পনা চলছিল। প্রথমে তার আর্জেন্টিনায় যাওয়া এবং পরে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়ে। মঙ্গলবার পাসপোর্ট জমা দেওয়ার নির্ধারিত ২৪ ঘণ্টার সময়সীমা অতিক্রম করার পর ব্রাজিলের কর্তৃপক্ষ তার পাসপোর্ট বাতিল করে এবং সীমান্তে তল্লাশির নির্দেশ দেয়।

পরে আর্জেন্টিনার অভিবাসন কর্তৃপক্ষ জানায়, ফ্লাভিও, তার স্ত্রী ও দুই মেয়ে মঙ্গলবার রাতে স্থলপথে দেশটিতে প্রবেশ করেন। ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বুধবার তারা আর্জেন্টিনার পুয়ের্তো ইগুয়াসু থেকে ইকুয়েডরের গুয়ায়াকিলে যান। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর ব্যক্তিগত উড়োজাহাজে ফ্লোরিডার মায়ামিতে পৌঁছান।

ফ্লাভিওর বাবা, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোও ২০২২ সালের ডিসেম্বরে লুলার শপথ গ্রহণের আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলে গিয়েছিলেন। ২০২৩ সালের ৮ জানুয়ারি তার সমর্থকেরা ব্রাজিলের সরকারি ভবন ও সুপ্রিম কোর্টে হামলা চালানোর সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। পরে অভ্যুত্থান-সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হয়ে তার ২৭ বছরের কারাদণ্ড হয়।

ফ্লাভিওর ছোট ভাই এদুয়ার্দো বলসোনারোও যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বাবার বিচারপ্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করার অভিযোগে তাকে ঘিরেও বিতর্ক রয়েছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ব্রাজিলের ওপর শুল্ক আরোপ ও কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে ফ্লাভিওর বিরুদ্ধে ব্রাজিলের সুপ্রিম ফেডারেল কোর্টে দুটি তদন্ত চলছে। এর একটি হলো, তার বাবার জীবনভিত্তিক চলচ্চিত্র ডার্ক হর্স নির্মাণে বেসরকারি ব্যাংক বানকো মাস্টার থেকে প্রায় ৭ কোটি ডলার স্থানান্তরের ঘটনায় সম্ভাব্য অনিয়ম। অন্যটি অর্থ পাচারের অভিযোগসংক্রান্ত। তিনি উভয় অভিযোগই অস্বীকার করেছেন।

ফ্লাভিও কত দিন যুক্তরাষ্ট্রে থাকবেন কিংবা তার চূড়ান্ত গন্তব্য কোথায়, তা এখনো স্পষ্ট নয়। আগামী ৩১ জানুয়ারি তার সিনেটের আট বছরের মেয়াদ শেষ হলে তিনি সংসদীয় দায়মুক্তিও হারাবেন। ফলে তার বিরুদ্ধে চলমান তদন্ত ও ভবিষ্যৎ আইনি পরিস্থিতি ব্রাজিলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..