✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-২৯, | ১২:৪৪:২৩ |মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। নতুন করে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা কিছুটা কমে আসায় আজ বৃহস্পতিবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দর নিম্নমুখী হয়েছে। বার্তাসংস্থা আল-জাজিরার এক পরিবেদনে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ভোর ৩টা ৫১ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২২ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ১১৪ দশমিক ১০ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৩৩ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৪৫ ডলারে নেমে আসে।
এর আগে বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৩ শতাংশ বেড়েছিল।
নোমুরা সিকিউরিটিজের অর্থনীতিবিদ ইউকি তাকাশিমা বলেন, শান্তি আলোচনা পুনরায় শুরু হতে পারে এমন প্রত্যাশায় বাজারে তেল বিক্রির চাপ বাড়ছে। তবে দাম কমার পরিমাণ এখনো সীমিত।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের ভবিষ্যৎ এবং শান্তি আলোচনার অগ্রগতির ওপর তেলের বাজারের গতিপথ অনেকটাই নির্ভর করবে। আলোচনা এগিয়ে গেলে সরবরাহ নিয়ে উদ্বেগ কমতে পারে। তবে সংঘাত আবার বাড়লে বিশ্ববাজারে তেলের দাম ফের ঊর্ধ্বমুখী হওয়ার ঝুঁকি রয়েছে।