✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-০৯, | ১৬:২০:৩০ |চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় আল আমিন নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন (৪০) শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ির আ. মান্নানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন।
আজ শুক্রবার স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ছিল আল আমিনের মেয়ের জন্মদিন। মেয়ের জন্য জন্মদিনের কেক কিনতে তিনি মোটরসাইকেল নিয়ে হাজীগঞ্জের উদ্দেশে রওনা হন। পথে মৌতাবাড়ি এলাকায় একটি বাসের চাপায় মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় মোটরসাইকেলে থাকা হৃদয় (১৯) নামে অপর এক যুবক গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের ভাই বাহার উদ্দিন জানান, আল আমিনের একটি কন্যাসন্তান রয়েছে। মেয়ের জন্মদিন উপলক্ষে কেক কিনতে যাওয়ার পথেই দুর্ঘটনাটি ঘটে। ছুটি শেষে আগামী রোববার (১১ অক্টোবর) তার সৌদি আরবে ফিরে যাওয় কথা ছিল।
দুর্ঘটনার পর হাজীগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ শাহরাস্তি থানায় হস্তান্তর করে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
মেয়ের জন্মদিনের আনন্দের দিনে বাবাকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কৃষ্ণপুর গ্রামের পরিবেশ।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।