✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাছ কেটে ডেটা সেন্টার, ফিনল্যান্ডে গুগলের কাজ বন্ধের নির্দেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৭, | ১৪:০২:১০ |

পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) সম্পন্ন না করেই নির্মাণকাজ এগিয়ে নেওয়ার অভিযোগে ফিনল্যান্ডে দুটি ডেটা সেন্টারের কাজ সাময়িকভাবে বন্ধের নির্দেশ পেয়েছে গুগল। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশগত মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত দুই প্রকল্প এলাকায় পরিবেশের বড় ধরনের পরিবর্তন ঘটায় এমন প্রস্তুতিমূলক কাজ করা যাবে না।

ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের মুহোস ও কাজানি এলাকায় ডেটা সেন্টার দুটি নির্মাণ করছে গুগল। দেশটির বিভিন্ন স্থানে ডেটা সেন্টার নির্মাণে গুগলের প্রায় ১৩ বিলিয়ন ইউরোর একটি বড় প্রকল্পের অংশ এগুলো। অনলাইন অবকাঠামোর জন্য ডেটা সংরক্ষণের জায়গার চাহিদা বাড়ায় ফিনল্যান্ডে প্রতিষ্ঠানটির বড় ধরনের বিনিয়োগ চলছে।

ফিনল্যান্ডের লাইসেন্সিং অ্যান্ড সুপারভিশন অথরিটি (এলভিভি) মঙ্গলবার জানায়, মুহোস ও কাজানি প্রকল্পে পরিবেশের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এমন প্রস্তুতিমূলক কাজ অবিলম্বে বন্ধ করতে গুগলের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান টুইকে ফিনল্যান্ড ওওয়াইকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৩ অক্টোবরের মধ্যে এসব কাজ বন্ধ করতে হবে। পাশাপাশি আগামী বুধবারের মধ্যে কর্তৃপক্ষের কাছে লিখিত ব্যাখ্যাও দিতে হবে প্রতিষ্ঠানটিকে।

কর্তৃপক্ষের অভিযোগ, পরিবেশগত প্রভাব মূল্যায়ন এখনো চলমান থাকা সত্ত্বেও প্রকল্প এলাকায় ব্যাপক প্রস্তুতিমূলক কাজ করা হয়েছে। এর মধ্যে গাছ কাটা, মাটির ওপরের স্তর সরিয়ে ফেলা এবং সড়ক নির্মাণের মতো কাজ রয়েছে।

মুহোস এলাকায় প্রায় ৩৩০ হেক্টর বনভূমি কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছে ফিনিশ অ্যাসোসিয়েশন ফর নেচার কনজারভেশন। কাজানি এলাকায়ও প্রায় ২০০ হেক্টর জমিতে গাছ কাটার কাজ হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এলভিভির পরিবেশ বিভাগের প্রধান তোম্মি মুইলু বলেন, এসব কার্যক্রম পরিবেশের পরিবর্তন ঘটাবে এবং এর প্রভাব চিহ্নিত ও মূল্যায়ন করা পরিবেশগত প্রভাব মূল্যায়ন প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।

এদিকে ফিনিশ অ্যাসোসিয়েশন ফর নেচার কনজারভেশন বলছে, দুই প্রকল্প এলাকায় পরিবেশগত নিয়ম লঙ্ঘনের ঘটনা একটি কাঠামোগত সমস্যার ইঙ্গিত দিচ্ছে। সংগঠনটির প্রধান পরিচালন কর্মকর্তা তাপানি ভেইস্তোলা বলেন, মুহোসের জায়গাটি এখন আর বন নেই, সেটি বালুময় এলাকায় পরিণত হয়েছে।

ফিনল্যান্ডে ডেটা সেন্টার নির্মাণের বাজার অতিরিক্ত উত্তপ্ত হয়ে ওঠায় প্রতিষ্ঠানগুলো দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছে বলে মনে করেন তিনি। একই সঙ্গে ছোট পৌরসভাগুলোর সীমিত সক্ষমতা ও পরিবেশগত বিষয়ে পর্যাপ্ত দক্ষতার অভাবও পরিস্থিতিকে জটিল করে তুলছে বলে জানান তিনি।

গুগল এক বিবৃতিতে জানিয়েছে, তারা কর্তৃপক্ষের উদ্বেগ বুঝতে পারছে এবং নিজেদের উচ্চমানের পরিবেশগত নীতির তুলনায় কিছু ক্ষেত্রে ঘাটতি হয়েছে। প্রতিষ্ঠানটি এলভিভির পর্যালোচনা করে তাদের নির্দেশনা অনুসরণ করবে বলেও জানিয়েছে।

গুগলের দাবি, তারা বন আইন মেনে সৎ উদ্দেশ্যেই কাজ করেছে এবং প্রকল্প এলাকায় প্রকৃতির ওপর প্রভাব কমাতে বিভিন্ন জরিপ ও সুরক্ষা ব্যবস্থা নিয়েছে। মুহোসে ১৩০ হেক্টর এলাকায় নতুন গাছ লাগানোর পরিকল্পনাসহ জীববৈচিত্র্য ও ভূমি পুনর্বাসন পরিকল্পনাও এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পরিবেশগত প্রভাব মূল্যায়ন প্রক্রিয়া চলমান রয়েছে এবং চলতি বছরের শেষের দিকে তা শেষ হওয়ার কথা। গুগল কর্তৃপক্ষের নির্দেশ না মানলে জরিমানা ও অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে এলভিভি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..