✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-০৫, | ০০:৫৭:৫৩ |চাঁদপুরে কয়েকদিন ধরে ইলিশের আমদানি কিছুটা বাড়লেও কমেনি দাম। এতে হতাশ ক্রেতারা। বিক্রেতারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবার ঘাটে এক-চতুর্থাংশ মাছও আসছে না। ফলে বেশি দামে মাছ কিনে ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে।
শুক্রবার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে গিয়ে দেখা যায়, স্থানীয় জেলেদের জালে নামমাত্র ইলিশ ধরা পড়ছে। তবে সাগর অঞ্চল থেকে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ মণ ইলিশ আমদানি হচ্ছে। আমদানি কিছুটা বাড়লেও বাজারে এর প্রভাব পড়েনি বলে জানিয়েছেন ক্রেতারা।
ক্রেতাদের অভিযোগ, ইলিশের সরবরাহ বাড়লেও দাম কমেনি। অন্যদিকে বিক্রেতাদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এবার ইলিশের আমদানি অনেক কম হওয়ায় দাম কিছুটা বেশি।
ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ইলিশের মৌসুম প্রায় শেষের দিকে। অন্যান্য বছর এ সময় হাতিয়া, সন্দ্বীপ, চর আলেকজান্ডার, পটুয়াখালীসহ উপকূলীয় বিভিন্ন অঞ্চল থেকে শিপিং বোর্ডে করে প্রচুর ইলিশ চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে আসত। কিন্তু গত বছর থেকে ইলিশের আমদানি একেবারেই কমে গেছে।
তিনি বলেন, বর্তমানে যে পরিমাণ ইলিশ আমদানি হচ্ছে, সেগুলোর দামও অনেক বেশি। এতে ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। আর ২০ থেকে ২৫ দিন পরই মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হবে। তখন মৎস্য অবতরণ কেন্দ্রে বেচাকেনা বন্ধ থাকবে। এভাবে চলতে থাকলে একসময় তাদের ব্যবসা এমনিতেই বন্ধ হয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ক্রেতা কুদ্দুছ মুন্সী ও শাহজাহান সিদ্দিকী বলেন, ইলিশের আমদানি বাড়লেও দাম না কমায় তারা হতাশ। ইলিশের মৌসুম হওয়ায় ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা মাছ কিনতে চাঁদপুর মাছঘাটে আসছেন। তবে সরবরাহ বাড়লেও বাজারে ইলিশের দাম কমেনি। বরং চাঁদপুরের বাজারে বিক্রেতারা কিছুটা বেশি দাম হাঁকছেন।
বর্তমানে পাইকারি বাজারে ১ কেজি থেকে ১ হাজার ২০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকায়। ১ কেজি ওজনের ইলিশের দাম ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ টাকা। ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়।
আর ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশের দাম ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা। আর ছোট আকারের ইলিশ প্রতি হালি বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১ হাজার ১০০ টাকায়।