✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-০৫, | ০০:৩৬:০১ |কোকেন ব্যবহারের দায়ে এক মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও প্রতিযোগিতামূলক টেনিসে ফিরছেন অস্ট্রেলিয়ার তারকা নিক কিরিওস। পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়ায় ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (আইটিআইএ) তাকে কোর্টে ফেরার অনুমতি দিয়েছে।
৩১ বছর বয়সী কিরিওস গত ২২ জুন মায়োর্কায় একটি এটিপি টুর্নামেন্ট চলাকালে ডোপ পরীক্ষায় ব্যর্থ হন। পরে তিনি কোকেন ব্যবহারের কথা স্বীকার করে এটিকে ‘বিশাল ভুল’ বলে উল্লেখ করেন। ৪ আগস্ট তাকে সাময়িক নিষিদ্ধ করে আইটিআইএ।
শুক্রবার আইটিআইএ জানায়, মায়োর্কা টুর্নামেন্টের আগের রাতে বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে সামাজিকতার অংশ হিসেবে কোকেন ব্যবহার করেছিলেন বলে ব্যাখ্যা দিয়েছেন কিরিওস। স্বাধীন বৈজ্ঞানিক বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে সংস্থাটি ঘটনাটি প্রতিযোগিতার বাইরে ঘটেছে বলে গ্রহণ করেছে।
ওয়াডার নিয়ম অনুযায়ী এ ধরনের অপরাধে সাধারণত তিন মাসের নিষেধাজ্ঞা হয়। তবে চিকিৎসাগত পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিলে শাস্তি এক মাসে কমিয়ে আনা যায়। সেই সুযোগেই ৩ সেপ্টেম্বর কিরিওসের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে।
তবে মায়োর্কা টুর্নামেন্ট থেকে অর্জিত তার প্রাইজমানি ও র্যাঙ্কিং পয়েন্ট বাতিল থাকবে।
২০২২ সালের উইম্বলডনের ফাইনালিস্ট কিরিওস এটিপি ট্যুরে সাতটি একক শিরোপার মালিক। একসময় বিশ্বের ১৩ নম্বরে ওঠা এই অস্ট্রেলিয়ানের বর্তমান র্যাঙ্কিং ৯১৮।