খেলা ছাড়ার আগেই কোচ হলেন সিডল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৫, | ০০:৫৬:১৪ |

খেলোয়াড়ি ক্যারিয়ার এখনো শেষ হয়নি। ৪১ বছর বয়সেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত অস্ট্রেলিয়ার সাবেক পেসার পিটার সিডল। তবে মাঠে বল হাতে লড়াইয়ের পাশাপাশি এবার নতুন ভূমিকায়ও দেখা যাবে তাকে। আগামী মৌসুমে নিউ সাউথ ওয়েলসের বোলিং কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

আগামী মৌসুমের জন্য সিডলের সঙ্গে চুক্তি করেছে নিউ সাউথ ওয়েলস। একই সঙ্গে দলের স্পিন পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ইয়োহান বোথা।

নিউ সাউথ ওয়েলসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার-ব্যাটার ব্র্যাড হ্যাডিন। তার কোচিং স্টাফে সিডল ও বোথার সঙ্গে থাকছেন পিটার ফরেস্ট এবং ড্যানিয়েল স্মিথ।

২০১৯ সালে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সিডল। দেশটির হয়ে ৬৭টি টেস্ট, ২০টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও থামেনি তার খেলোয়াড়ি জীবন। বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ, মেজর লিগ ক্রিকেট ও গ্লোবাল সুপার লিগের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলেছেন তিনি।

আসন্ন বিগ ব্যাশেও মেলবোর্ন স্টার্সের হয়ে মাঠে নামবেন সিডল। প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবশ্য গত বছর অবসর নেন তিনি। ২৩১ ম্যাচের দীর্ঘ ক্যারিয়ারে তার উইকেটসংখ্যা ৭৯২।

সিডলের ক্রিকেট ক্যারিয়ারের বড় সময় কেটেছে ভিক্টোরিয়ায়। ভিক্টোরিয়ার হয়ে দীর্ঘদিন খেলার পাশাপাশি তিন মৌসুম তাসমানিয়ার প্রতিনিধিত্ব করেছেন তিনি। এবার ভিক্টোরিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী নিউ সাউথ ওয়েলসের হয়েই কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন এই পেসার।

শেফিল্ড শিল্ডের অন্যতম সফল দল নিউ সাউথ ওয়েলসের সঙ্গে নতুন ভূমিকায় যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত সিডল।

তিনি বলেন, “এই মৌসুমে নিউ সাউথ ওয়েলস ব্লুজ দলে যোগ দিতে পারাটা দারুণ ও রোমাঞ্চকর। গুরুত্বপূর্ণ এই গ্রীষ্মের আগে প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে গড়া দলটিকে পরামর্শ দেওয়ার সুযোগের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য তর সইছে না।”

নিউ সাউথ ওয়েলসের ক্রিকেট কাঠামোর সঙ্গে অস্ট্রেলিয়ার বর্তমান পেস আক্রমণেরও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স—তিনজনই এই রাজ্যের ক্রিকেটার। তবে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে শেফিল্ড শিল্ডে তাদের নিয়মিত পাওয়া যায় না।

খেলোয়াড় হিসেবে এখনো মাঠে থাকলেও সিডল এরই মধ্যে শুরু করে দিয়েছেন ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের প্রস্তুতি। দীর্ঘ ক্রিকেটজীবনে অর্জিত অভিজ্ঞতা এবার তরুণ পেসারদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পালা তার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..