✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-৩১, | ০১:২৮:০০ |ঘুটঘুটে অন্ধকার মহাকাশ। তার বুক চিরে ছুটে চলেছে আলোর রেখা। নিচে পৃথিবীর বুকে ঝলকানি দিচ্ছে বেগুনি রঙের বজ্রপাত, আর তার সঙ্গে মিশেছে শহরের ছুটে চলা আলো। পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরের স্তরে আবার চোখে পড়ছে হালকা লাল রঙের এক আভা। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস) থেকে দেখা এমন এক শ্বাসরুদ্ধকর দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন নভোচারী ডন পেটিট। এই পুরো দৃশ্যটিকে তিনি এককথায় বর্ণনা করেছেন ‘অবাস্তব’ বলে।
এক্সে (আগের নাম টুইটার) শেয়ার করা এই ভিডিওতে মূলত ‘স্টার ট্রেইল’ বা তারার গতিপথ তুলে ধরা হয়েছে। পেটিট এই দৃশ্যকে ‘পদার্থবিজ্ঞানের’ এক অনন্য প্রদর্শনী হিসেবে উল্লেখ করেছেন। তিনি ব্যাখ্যা করে বলেন, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের কক্ষপথের দিকে তারাগুলোকে সরু রেখার মতো মনে হয়। আর মহাকাশ কেন্দ্রের গতির ভেক্টরের বাঁ দিকে সেগুলো ধনুকের মতো বাঁকানো আকার ধারণ করে।
তারার এই বিস্ময়কর যাত্রার পাশাপাশি পৃথিবীর চিত্রটিও অদ্ভুত সুন্দর। ভিডিওতে দেখা যায়, বজ্রপাতের ঝলকানিগুলো সময়ের সঙ্গে সঙ্গে বেগুনি রঙের দাগ তৈরি করছে। এর ঠিক নিচেই পৃথিবীর বুকে শহরের আলোগুলো তীব্র বেগে ছুটে চলেছে। আর এর সঙ্গে মিশেছে পৃথিবীর ওপরের স্তরের বায়ুমণ্ডলের একটি হালকা লাল আভা। সব মিলিয়ে স্টার ট্রেইল, বেগুনি বজ্রপাত, শহরের ছুটে চলা আলো আর লাল আভার এই একীভূত দৃশ্য যে কারও চোখ আটকে রাখার মতো।
মহাকাশ থেকে ধারণ করা এমন অভূতপূর্ব দৃশ্য দেখে নেটিজেনরাও রীতিমতো মুগ্ধ। ডন পেটিটের শেয়ার করা ভিডিওর নিচে মন্তব্য করে নিজেদের বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। একজন লিখেছেন, অবিশ্বাস্য! পদার্থবিজ্ঞান যেন মহাকাশে শিল্পকর্ম তৈরি করছে। আরেকজন মন্তব্য করেছেন, আপনি প্রতিদিন যা দেখেন, তার সামান্য একটি অংশ আমাদের উপভোগ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, ডন। অন্য একজন সংক্ষেপে তার মুগ্ধতা প্রকাশ করে লিখেছেন, এটি সত্যিই অবিশ্বাস্য!