✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২২, | ১৪:৩৯:৩৬ |বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান কি আবারও মা হতে যাচ্ছেন? স্বামী সাইফ আলি খানের সঙ্গে তৃতীয় সন্তানের আগমন ঘিরে এমনই জল্পনা ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, কারিনা অন্তঃসত্ত্বা নন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কারিনার একটি ভিডিওকে কেন্দ্র করে এই গুঞ্জনের সূত্রপাত। ভিডিওতে দেখা যায়, কয়েকজন সহকর্মীর সঙ্গে গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন অভিনেত্রী। এ সময় তার এক সহযোগী কারিনার সামনে ছাতা ধরে হাঁটছিলেন।
ভিডিওটি দেখেই নেটিজেনদের একাংশের ধারণা, ছাতার আড়ালে নিজের ‘বেবি বাম্প’ লুকানোর চেষ্টা করছেন কারিনা। এরপরই মুহূর্তের মধ্যে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে।
তবে কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র এই জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, অভিনেত্রী মোটেও অন্তঃসত্ত্বা নন। ক্যামেরার বিশেষ কোণ, পোশাকের ধরন কিংবা সাম্প্রতিক ছুটিতে খাওয়াদাওয়ার কারণে তাকে কিছুটা ভিন্ন দেখাতে পারে। তাই ভিডিওতে ছাতা ব্যবহারের ঘটনাকে অন্তঃসত্ত্বা হওয়ার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই।
সাইফ-কারিনা দম্পতির ঘরে এরই মধ্যে দুই সন্তান তৈমুর ও জেহ। গত ১৬ আগস্ট সাইফ আলি খানের ৫৬তম জন্মদিন উপলক্ষে পরিবারসহ সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরেছেন তারা।
এর আগে, এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন, সাইফ ষাটোর্ধ্ব বয়সে আবার বাবা হন, এমনটা তিনি চান না। দুই সন্তানকে নিয়ে বর্তমানে বেশ গুছিয়েই সংসার করছেন এই তারকা দম্পতি।
সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া