সর্বশেষ :

শান্তি-ঐক্যের সমারোহে অন্যরকম এক পাপুয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২১, | ০১:৩৫:১৫ |

আগস্টের এক ভোরে, সূর্য ওঠার আগেই ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলের একটি বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থীদের পদচারণায়। ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে সামনে রেখে সেখানে চলছে জাতীয় পতাকা উত্তোলনের মহড়া। বাঁশের খুঁটিতে লাল-সাদা পতাকার সাজসজ্জা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের নানা আয়োজন। দুপুরে এই ময়দান পরিণত হয় আনন্দ, সঙ্গীত ও পরিবারের মিলনমেলায়। একদিকে যেমন স্থান পায় জাতীয় পতাকার রঙ, তেমনই তার পাশাপাশি সগর্বে শোভা পায় পাপুয়ায় নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক, স্থানীয় ভাষা ও নিজস্ব সংস্কৃতি।

বহিঃবিশ্বের দৃষ্টিতে দেখলে এই দৃশ্যটি অনেকের কাছেই অজানা মনে হতে পারে। কারণ বিশ্ব সংবাদমাধ্যমের পাতায় পাপুয়া সাধারণত রাজনৈতিক বিতর্ক, সশস্ত্র সহিংসতা এবং নিরাপত্তাবাহিনীর অভিযানের খবর দিয়েই সংজ্ঞায়িত হয়। এসব সংকট সত্য হলেও, এটি পাপুয়ার সম্পূর্ণ চিত্র নয়। সংঘাতের এই আড়ালে হারিয়ে যায় সেখানকার লাখ লাখ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, আশা ও আকাঙ্ক্ষা।

প্রতি বছর ১৭ আগস্টকে ঘিরে জয়াপুরা থেকে শুরু করে মেরাউকে, ওয়ামেনা, তিমিকা, বিয়াক ও সোরাং-এর মতো বিস্তীর্ণ অঞ্চলের স্কুল, গির্জা এবং স্থানীয় পাড়া-মহল্লায় চলে ব্যাপক প্রস্তুতি। তরুণ সমাজ রাস্তাঘাট সাজায়, চার্চে আয়োজন করা হয় প্রার্থনার, আর স্থানীয় সংগঠনগুলো তৈরি করে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও স্থানীয় খাবার।

এসব উৎসব আন্তর্জাতিক কোনো সম্প্রচারমাধ্যম বা রাজনৈতিক প্রচারণার জন্য তৈরি করা কোনো প্রদর্শনী নয়। বরং এটি পাপুয়াবাসীদের জীবনেরই এক স্বাভাবিক ও সামাজিক ছন্দ। ছোট একটি শিশু যখন হাতে জাতীয় পতাকা নিয়ে হেঁটে যায়, কিংবা একজন মা যখন তার সন্তানের পোশাক গুছিয়ে দেন, তখন সেখানে কোনো ভূ-রাজনৈতিক বার্তা বা সরকারের কোনো স্ক্রিপ্ট কাজ করে না। এটি তাদের স্থানীয় ও সামাজিক ঐতিহ্যেরই একটি অংশ।

ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসের এই উদযাপন কিন্তু পাপুয়ার আদিবাসী ঐতিহ্য বা পরিচয়কে মুছে ফেলে না। উৎসবে পাপুয়া অঞ্চলের নিজস্ব ভাষা, গান, ঐতিহ্যবাহী নৃত্য এবং স্থানীয় খাবারের উপস্থিতিই তার প্রমাণ। সেখানে জাতীয় পতাকার উপস্থিতির পাশাপাশি স্থানীয় সংস্কৃতিও পূর্ণ সম্মান লাভ করে।
সংকটের আড়ালে সাধারণ মানুষের জীবন : আন্তর্জাতিক অঙ্গনে পাপুয়াকে প্রায়ই একটি রাজনৈতিক বিতর্ক বা মানচিত্রের সীমানা হিসেবে উপস্থাপন করা হয়। কিন্তু বাস্তবচিত্রে এখানকার শিক্ষাবিদ, জেলে, কৃষক, ব্যবসায়ী কিংবা চার্চের ধর্মযাজকদের কাছে পাপুয়া কোনো বিমূর্ত ধারণা নয়, এটি তাদের বসবাসের ঠিকানা। পাপুয়ার জনগণের মূল উদ্বেগ ও প্রত্যাশাগুলো অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিবারগুলোর মতোই স্বাভাবিক ও জীবনঘনিষ্ঠ।

পাপুয়ায় ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতামত, বৈষম্য এবং উন্নয়নের ঘাটতির মতো বাস্তব সমস্যাগুলো বিদ্যমান এবং এগুলো নিরপেক্ষ আলোচনার দাবি রাখে। তবে এটাও স্পষ্ট যে, কোনো একটি নির্দিষ্ট সশস্ত্র গোষ্ঠী, রাজনৈতিক সংগঠন কিংবা সরকারি কর্মকর্তা পুরো পাপুয়ার সমস্ত জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না। বিশ্ববাসীর কাছে পাপুয়া কেবল সংঘর্ষের ক্ষেত্র নয়, বরং এর আড়ালে রয়েছে এক সমৃদ্ধ সংস্কৃতি, সহাবস্থান এবং সাধারণ মানুষের নিজস্ব জীবনসংগ্রামের গভীর গল্প।

পাপুয়া সম্পর্কে একটি ইতিবাচক বয়ান গড়ে তোলা ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে দ্বীপটির নাগরিক, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্রাডফোর্ডের শান্তি অধ্যয়নের ডক্টরাল শিক্ষার্থী ও আইএমপি-ইউকের চেয়ারম্যান স্টিভ মারা বলেন, পাপুয়া ইন্দোনেশিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ। একটি শান্তিপূর্ণ ও টেকসই অঞ্চল হিসেবে আরও বিকশিত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে শান্তি, উন্নয়ন এবং তরুণ প্রজন্মের সম্পৃক্ততাকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশেষ করে বিদেশে অধ্যয়নরত পাপুয়ান শিক্ষার্থীদের।

তিনি বলেন, বিভিন্ন দেশে অবস্থানরত পাপুয়ান শিক্ষার্থীরা পাপুয়ার বাস্তব পরিস্থিতি বস্তুনিষ্ঠভাবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ক্ষেত্রে একটি কৌশলগত শক্তিতে পরিণত হতে পারে। একইসঙ্গে তারা শান্তির দূত হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাপুয়ার বিভিন্ন অগ্রগতি ও সম্ভাবনার কথা তুলে ধরতে পারে।

স্টিভ মারা আরও বলেন, পাপুয়ার শান্তিকে শুধু সংঘাতমুক্ত পরিস্থিতি হিসেবে দেখা উচিত নয়, বরং এটি এমন একটি চলমান প্রক্রিয়া, যার মাধ্যমে মানবসম্পদের গুণগত উন্নয়ন, জনকল্যাণ ও সমৃদ্ধির সম্প্রসারণ, জাতীয় ঐক্য সুদৃঢ়করণ এবং পাপুয়ার ভবিষ্যৎ সম্পর্কে জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা বৃদ্ধি করা সম্ভব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..