✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২০, | ১১:১৪:১০ |কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ তাজা গোলা উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি অসাধু চক্র বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদ এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসীগোষ্ঠীর নিকট আগ্নেয়াস্ত্র হস্তান্তর করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার (১৯ আগস্ট) মধ্যরাত ১টা থেকে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাফ নদে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি কাঠের নৌকাকে থামার সংকেত প্রদান করলে সংকেত অমান্য করে নৌকাটি দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতর প্রবেশ করে এবং চক্রের সদস্যরা নৌকাটি রেখে পালিয়ে যায়। পরে ওই নৌকায় তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১টি বিদেশি এসভিডি ড্রাগুনভ রাইফেল (ম্যাগাজিনসহ), ১টি ৯ মিমি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গোলা, ২ রাউন্ড তাজা ও ১ রাউন্ড ফাঁকা পিস্তলের গোলা ও ২টি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ চক্রের সঙ্গে জড়িতদের আটকের নিমিত্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও জব্দকৃত নৌকার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও সীমান্ত এলাকায় সন্ত্রাসীগোষ্ঠীর তৎপরতা রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।