ঢাকা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত পৃথক ঘটনায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে ছাত্রদল ও শিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছেন। তিনি বলেন, ক্যাম্পাসের ভেতরে পুলিশ থাকে না। খবর পেয়ে পুলিশ সেখানে গেছে।
পুলিশের একটি সূত্র বলছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রবেশ করা নিয়ে ছাত্রদলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে।
তার জের ধরে ঢাকা কলেজে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্য মারামারি হয়। এখন ছাত্রদলের নেতা–কর্মীরা ক্যাম্পাসের বাইরে মূল সড়কে মিছিল করছেন। আর ছাত্রশিবিরের নেতা–কর্মীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন।
বেলা সাড়ে তিনটার দিকে নিউমার্কেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
পরে বিকেল ৪টার দিকে কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সাইন্সল্যাব এলাকায় আবারও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে সাইন্সল্যাব মোড় ও আশপাশের এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শওকত আলী বলেন, ‘আজ পাল্টাপাল্টি ধাওয়ার একটি ঘটনা ঘটেছে। ঘটনাটি যাতে বড় ধরনের সংঘর্ষে রূপ না নেয়, সে জন্য আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে তা দ্রুত স্বাভাবিক করা হয়েছে।’
এ জাতীয় আরো খবর..