অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল লেখায় ৩০০ বার সংশোধনী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০১, | ১৯:৩৫:৩৩ |

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল লেখায় এক শিক্ষার্থীকে ৩০০ বার সংশোধনী লিখতে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাইদ অ্যাসাইনমেন্টে বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার নাম ভুল লেখেন। অভিযোগ রয়েছে, এর শাস্তি হিসেবে তাকে শিক্ষকের নাম ৩০০ বার লিখে জমা দিতে বলা হয়।

ঘটনার পর নিজের ফেসবুক আইডিতে অ্যাসাইনমেন্টের ছবি প্রকাশ করেন সাইদুল। পোস্টে তিনি লেখেন, গত রাতটি আমার বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম স্মরণীয় একটি অভিজ্ঞতা হয়ে থাকবে। একটি শব্দের বানানে মাত্র একটি অতিরিক্ত অক্ষর Morium-এর পরিবর্তে Morioum লেখার কারণে আমাকে পুরো লেখাটি ৩০০ বার সংশোধন করতে হয়েছে।

পোস্টটি ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক শিক্ষার্থী রেদোয়ান সরকার ফেসবুকে লিখেছেন, কত অযাচিত অ্যাসাইনমেন্ট করেছি তার হিসাব নেই। ক্রিয়েটিভিটি বলতে এখানে দেখে দেখে অ্যাসাইনমেন্ট করা আর এ ধরনের র‌্যাগিং-ই বোঝায়। শিক্ষক কর্তৃক নানা ধরনের র‌্যাগিংয়ের মুখোমুখি হওয়া এই বিভাগে খুবই সাধারণ বিষয়।

তবে শিক্ষকের পক্ষেও মত দিয়েছেন কেউ কেউ। ইসরাত জাহান নামে এক শিক্ষার্থী মন্তব্য করেন, তৃতীয় বর্ষে পড়ে একজন ফ্যাকাল্টি মেম্বারের নাম ভুল করেন, তারপর আবার সেটি নিয়ে পোস্ট করেন ন্যুনতম বিবেকবোধ থাকা উচিত।

এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..