সর্বশেষ :
দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড আপনারা আনন্দ দেখেননি, শুধু সমালোচনাই করেছেন : ইনফান্তিনো মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলির ঘটনায় একজন নিহত হেপাটাইটিস ‘সি’ সংক্রমণে বিশ্বের শীর্ষ দশে বাংলাদেশ শাহজালালে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট অনুমোদন সাময়িক স্থগিত গ্রামে ঢুকে বাড়িতে বাড়িতে আগুনের পর গুলি, শিশুসহ নিহত ৩০ ভারতে ‘তেলাপোকা’র পর এবার ‘কাঁকড়া’ আন্দোলন ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি কমলো স্বর্ণের দাম, ভরি কত? ওপেনএআইর ডেটা সেন্টারে ২৫০ বিলিয়ন ডলার সহায়তার পরিকল্পনা এনভিডিয়ার

ওপেনএআইর ডেটা সেন্টারে ২৫০ বিলিয়ন ডলার সহায়তার পরিকল্পনা এনভিডিয়ার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৮, | ১১:৩৬:৪৬ |

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির দ্রুত বিস্তারের মধ্যে নিজস্ব অবকাঠামো শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিচ্ছে ওপেনএআই। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে নির্মাণাধীন বিশাল ডেটা সেন্টার প্রকল্পের জন্য প্রায় ২৫০ বিলিয়ন মার্কিন ডলারের লিজ নিশ্চয়তা দেওয়ার বিষয়ে ওপেনএআইর সঙ্গে আলোচনা করছে বিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওহাইওর পিকেটন এলাকায় নির্মাণাধীন ১০ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ডেটা সেন্টার দীর্ঘমেয়াদে লিজ নিতে ওপেনএআইকে সহায়তা করবে এনভিডিয়া। প্রকল্পটি বাস্তবায়ন করছে সফটব্যাংক-সমর্থিত প্রতিষ্ঠান এসবি এনার্জি।

প্রতিবেদন অনুযায়ী, পুরো প্রকল্পের সম্ভাব্য ব্যয় ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি। এর মধ্যে কেবল এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা চিপের মূল্যই প্রায় ৩৫০ বিলিয়ন ডলার হতে পারে। তবে ২৫০ বিলিয়ন ডলারের লিজ নিশ্চয়তা এই চিপের খরচের বাইরে। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং জানিয়েছেন, প্রকল্পে চিপ সরবরাহ নিয়েও আলোচনা চলছে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে ডেটা সেন্টারটির বিদ্যুৎ ব্যবহার ৮০০ মেগাওয়াটে পৌঁছাবে, যা প্রায় ৬ লাখ ৪০ হাজার বাড়ির বিদ্যুৎ ব্যবহারের সমপরিমাণ। এর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হবে প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে, যা যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ ৩৩ বিলিয়ন ডলারের একটি চুক্তির আওতায় নির্মিত হচ্ছে।

এর আগে গত জুনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, ওপেনএআই প্রায় ২০ বছরের জন্য এই ডেটা সেন্টার লিজ নেওয়ার চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি নিজস্ব যন্ত্রপাতি পরিচালনার পাশাপাশি অবকাঠামোগত ব্যয়ও বহন করবে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ডেটা সেন্টার কেন্দ্র হিসেবে পরিচিত ওহাইওতে ১৬৬টি ডেটা সেন্টার চালু রয়েছে। এছাড়া আরও ৫৭টি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ দিক থেকে ভার্জিনিয়া, টেক্সাস ও ক্যালিফোর্নিয়ার পরই অবস্থান ওহাইওর।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ওপেনএআই নিজস্ব কম্পিউটিং অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জন করবে। বর্তমানে প্রতিষ্ঠানটি মূলত অ্যামাজন, ওরাকল ও মাইক্রোসফটের ক্লাউড অবকাঠামোর ওপর নির্ভরশীল।

তবে এই বিশাল বিনিয়োগের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক বিশ্লেষক। তাদের মতে, এখনো পুরোপুরি লাভজনক হয়ে উঠতে না পারা একটি প্রতিষ্ঠানের জন্য শত শত বিলিয়ন ডলারের প্রকল্প বড় ধরনের আর্থিক ঝুঁকি তৈরি করতে পারে। পাশাপাশি ডেটা সেন্টার, চিপ ও কম্পিউটিং অবকাঠামো সরবরাহকারী অংশীদার প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত ঋণের পরিমাণ গত বছরের নভেম্বর পর্যন্ত ৯৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বোস্টন কলেজের সহযোগী ডিন আলেকসান্দার টোমিচের মতে, এই ধরনের চুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পে ‘চক্রাকার অর্থায়নের’ প্রবণতা বাড়াচ্ছে। তার ভাষ্য, ওপেনএআইর মতো প্রতিষ্ঠানের বিপুল কম্পিউটিং সক্ষমতা প্রয়োজন হলেও সেই অবকাঠামো তৈরির অর্থ তাদের হাতে নেই। ফলে এনভিডিয়া অর্থায়ন করছে, যাতে ওপেনএআই আবার এনভিডিয়ার কাছ থেকেই চিপ কিনতে পারে।

অন্যদিকে, এই ব্যাখ্যার সঙ্গে একমত নন বিনিয়োগ প্রতিষ্ঠান ফাউন্ডার্স ইটিএফের প্রতিষ্ঠাতা মাইকেল মোনাহান। তিনি বলেন, একটি প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের পণ্য বা সেবা কিনবে এটাই স্বাভাবিক ব্যবসায়িক প্রক্রিয়া। এটিকে চক্রাকার অর্থায়ন বলা ঠিক হবে না।

এদিকে, এই খবর প্রকাশের পর সোমবার লেনদেন চলাকালে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৪ দশমিক ৯ শতাংশ কমে যায়। তবে দীর্ঘমেয়াদে কোম্পানিটির শেয়ার এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে। চলতি বছরে শেয়ারদর বেড়েছে প্রায় ৪ শতাংশ, গত এক বছরে ১১ শতাংশ এবং পাঁচ বছরে প্রায় ৯০৮ শতাংশ।

এদিকে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন ডেটা সেন্টার নির্মাণ নিয়েও রাজনৈতিক বিতর্ক বাড়ছে। নিউইয়র্ক ইতোমধ্যে নতুন ডেটা সেন্টার নির্মাণে এক বছরের স্থগিতাদেশ দিয়েছে। আরও কয়েকটি অঙ্গরাজ্য একই ধরনের পদক্ষেপ বিবেচনা করছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৭১ শতাংশ নাগরিক নিজেদের এলাকায় নতুন ডেটা সেন্টার নির্মাণের বিরোধী। তবে বিশ্লেষকদের মতে, রাজনৈতিক বিতর্ক থাকলেও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের অবকাঠামো সম্প্রসারণের গতি সহজে থামবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..