রাজধানীর মিরপুরের পল্লবী সিটি ক্লাব এলাকায় রাতে আতশবাজি বিস্ফোরণে আর্জেন্টিনার ৪ সমর্থক দগ্ধ হয়েছেন।
রবিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— মো. সাকিব (২১), মোহাম্মদ রিফাত (২০), সজীব (২২) ও তাহসিন (২২)। তাদের সবাই স্থানীয় বাসিন্দা। এর মধ্যে সাকিব মিরপুরের (বিইউবিটি) কলেজের প্রথম বর্ষ ইকোনোমিক্স শিক্ষার্থী। এছাড়া সবাই একই এলাকার বাসিন্দা।
আহতদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ আরাফাত জানান, রাতে মিরপুর সিটি ক্লাব এলাকায় খেলা দেখার উত্তেজনা ও আনন্দ উদযাপনের অংশ হিসেবে তারা আতশবাজি ফুটাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি বড় বিস্ফোরণ ঘটলে চারজনই আগুনে দগ্ধ হন।
উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মিরপুর থেকে আতশবাজি বিস্ফোরণে দগ্ধ হয়ে চারজন হাসপাতালে আসে। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মো. সাকিব নামের একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বিস্ফোরণে তার দুই পা মারাত্মকভাবে দগ্ধ হয়েছে বলে জানান তিনি। বর্তমানে তিনি বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
এ জাতীয় আরো খবর..