✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-১৩, | ১৮:৪৩:০২ |নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর উপজেলায় সংঘটিত পৃথক দুটি ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনের দাবি করেছে জেলা পুলিশ। অভিযানে দুই ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে জাপান প্রবাসীর লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার এবং বন্দরের বিদ্যুৎ কেন্দ্র থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ৮ জুলাই জাপানপ্রবাসী এক ব্যক্তি পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগত গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজার সামনে পৌঁছালে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র পরিকল্পিতভাবে তার গাড়ির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, মোবাইল ফোন এবং প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
ঘটনার তদন্তে নামে পুলিশ। একপর্যায়ে চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান কবির হোসেনসহ চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। তবে এ মামলার আরও একজন অভিযুক্ত এখনো পলাতক রয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, গত ২ জুলাই বন্দর উপজেলার ১১০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে সংঘটিত ডাকাতির ঘটনাতেও উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। সে ঘটনায় ডাকাতরা দায়িত্বরত আনসার সদস্যদের ওপর হামলা চালিয়ে দুটি শটগান লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রূপগঞ্জে অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান ফারুক হোসেন ওরফে ‘আইস ফারুক’কে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া দুটি শটগানের মধ্যে একটি উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশ সুপার বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার এবং অবশিষ্ট লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।