এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে হাঁটুপানি, যাতায়াত পরিহারের আহ্বান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১২, | ১৪:৫৪:১৪ |

টানা ভারী বর্ষণের কারণে রাজধানীর কাকলী, বনানী, খিলক্ষেতসহ বিমানবন্দর সড়কের বিভিন্ন অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যানবাহনের চলাচল ধীর হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন।

এর মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র‍্যাম্প থেকে নেমে আসা যানবাহন নিচের সড়কের ধীরগতির ট্রাফিকের সঙ্গে মিশে তীব্র চাপ তৈরি করছে। র‍্যাম্পের সামনে বৃষ্টির পানি জমে থাকায় অনেক গাড়ি ধীরগতিতে চলাচল করছে। এতে একটির পর একটি যানবাহন আটকে দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে অপ্রয়োজনীয় যাতায়াত পরিহারের আহ্বান জানিয়েছে পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ।

সতর্কতামূলক এক ফেসবুক বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী বর্ষণের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র‍্যাম্পের নিচের অংশসহ খিলক্ষেত এবং মহানগরের বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের চলাচল ধীরগতির রয়েছে এবং কয়েকটি স্থানে যানজট তৈরি হয়েছে।

বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া ট্রাফিক পুলিশ মোটরযান চালক ও পথচারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার, জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে গাড়ি চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা, সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..