পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। মঙ্গলবার পর্যন্ত ১৭২টি ফিরতি ফ্লাইটে মোট ৬৪ হাজার ৬১৭ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার ২৯৮ জন।
বৃহস্পতিবার (২৫ জুন) প্রকাশিত হজ বুলেটিন অনুযায়ী, ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৯১টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইনস ৫৯টি এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইট।
এয়ারলাইনসভিত্তিক তথ্য বলছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে ২৯ হাজার ২৯৯ জন, সৌদিয়া এয়ারলাইনসের মাধ্যমে ২২ হাজার ৪৫৯ জন, ফ্লাইনাসে ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে আরও ৪ হাজার ১৮৭ জন হাজি দেশে ফিরেছেন। বাকি হাজিদেরও পর্যায়ক্রমে নির্ধারিত ফ্লাইটে দেশে ফেরানো হবে।
এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৫৪ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা যান। তবে হজের গুরুত্বপূর্ণ স্থান মিনা ও মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
