✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-০১, | ১৮:৩৩:১২ |ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড সড়কে ঈদের ছুটিতে ঘুরতে বের হওয়া কয়েকজন তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগে তিন যুবকের মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটেছে।
গত শনিবার বিকেলে সরাইল উপজেলা বিশ্বরোড মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে অভিযুক্ত যুবকদের নাম-পরিচয় নিশ্চিতভাবে জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চার যুবককে আটক করে স্থানীয় লোকজন জিজ্ঞাসাবাদ করছেন। স্থানীয়দের দাবি, ঈদ উপলক্ষে ঘুরতে বের হওয়া তরুণীদের মোটরসাইকেলে অনুসরণ করে উত্ত্যক্ত করা হচ্ছিল। একই সঙ্গে তাদের মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করা হচ্ছিল বলেও অভিযোগ ওঠে।
একপর্যায়ে স্থানীয়রা চার যুবককে মোটরসাইকেলসহ আটক করে। পরে জিজ্ঞাসাবাদের সময় তারা নিজেদের কৃতকর্ম স্বীকার করেন বলে দাবি করে উপস্থিত লোকজন। এরপর স্থানীয়রা তাদের শাসন করেন। ভিডিওতে দেখা যায়, চার যুবকের মধ্যে তিনজনের মাথার চুল ট্রিমার দিয়ে কেটে ন্যাড়া করে দেওয়া হয়। অপর একজনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর থেকেই ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকদের বাড়ি সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও দেখেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি ফেসবুকে দেখেছেন। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।