✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-২৪, | ১৮:০০:৫৬ |কয়েকদিন ধরে টানা ভ্যাপসা গরম আর দমবন্ধ করা আবহাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছিল রাজধানীবাসীর জনজীবন। এর মধ্যেই রবিবার (২৪ মে) বিকেলে হঠাৎ নামা ঝুম বৃষ্টি নগরজুড়ে এনে দেয় অনেকটা স্বস্তি। বৃষ্টির সঙ্গে বইতে থাকা শীতল বাতাসে কিছুটা হলেও কমে আসে গরমের তীব্রতা।
দুপুরের পর থেকেই ঢাকার আকাশে কালো মেঘ জমতে শুরু করে। এর সঙ্গে বাড়তে থাকে বাতাসের গতি। পরে বিকেল ৪টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি।
রাজধানীর ভাটারা, বাংলামোটর, মগবাজার, হাতিরঝিল, কারওয়ানবাজার, মহাখালীসহ বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির সময় ঈদকে সামনে রেখে কেনাকাটায় বের হওয়া মানুষজনকে দুর্ভোগে পড়তে দেখা যায়। ফুটপাত ও সড়কের পাশে বসা ভাসমান ব্যবসায়ীরাও তড়িঘড়ি করে পণ্য সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েন।
তবে বৃষ্টির কারণে জনভোগান্তি তৈরি হলেও দীর্ঘদিনের অস্বস্তিকর গরমের পর নগরবাসীর মুখে ছিল স্বস্তির ছাপ। বিশেষ করে বাড়ির পথে থাকা ঘরমুখো যাত্রীরা গরম থেকে সাময়িক মুক্তি পেয়ে কিছুটা স্বস্তি অনুভব করেন।
অনেক পথচারীকেই ছাতা ছাড়াই বৃষ্টিতে ভিজতে ভিজতে গন্তব্যে যেতে দেখা গেছে। কেউ কেউ আবার বৃষ্টিকে উপভোগ করতেও থেমে যান সড়কের পাশে।
অন্যদিকে, বৃষ্টির কারণে রাজধানীর কিছু এলাকায় সাময়িক জলজট তৈরি হয়। কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের গতি ধীর হয়ে পড়ে। তারপরও নগরবাসীর কাছে এ বৃষ্টি ছিল স্বস্তির বার্তা হয়ে আসা এক প্রশান্তির বিকেল।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।