সাকিবের জন্মদিনে আসিফ, ‘নবাব’ সম্বোধন করে কাটলেন কেক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৪, | ১৬:১৯:১১ |
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন উদযাপন করেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। লন্ডনে কেক কেটে ৩৯ বছরে পা দেওয়া এই ক্রিকেটারের বিশেষ দিনটি উদযাপন করেন তিনি।

বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজ প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কেক কাটার মাধ্যমে জন্মদিন পালন করছেন আসিফ আকবর। সেখানে দুজন একে অপরকে কেক খাইয়েও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় সাকিবকে ‘নবাব’ বলে সম্বোধন করেন বিসিবির এই পরিচালক।

গত বছরের ৫ আগস্টের পর থেকে ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাকিব। জাতীয় দল থেকে ছিটকে পড়ার পর তার ভবিষ্যৎ নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা।

তবে সাম্প্রতিক সময়ে সরকার পরিবর্তনের পর আবারও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা জোরালো হয়েছে।

সাকিবের বিরুদ্ধে থাকা মামলাগুলো নিয়েও নীতিনির্ধারণী পর্যায়ে চলছে আলোচনা।

এ বিষয়ে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেন বিসিবি পরিচালক আসিফ আকবর। তিনি জানান, সাকিবকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিষয়টি বর্তমানে মন্ত্রণালয়ের পর্যায়ে রয়েছে। একই সঙ্গে বিসিবির লিগ্যাল টিমও আইনগত জটিলতা দূর করতে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।


আসিফ আকবর বলেন, ‘মন্ত্রণালয় ও বিসিবি সমন্বিতভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করছে। আমরা খুবই আশাবাদী, অল্প সময়ের মধ্যেই সাকিব আল হাসানকে আবার বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাব।’

১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্ম নেওয়া সাকিব দেশের বাইরে অবস্থান করেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে জাতীয় দলে দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে।

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের অবদানও অনন্য। ৬৫ টেস্টে ৫ সেঞ্চুরিতে ৪৩৬৭ রান করার পাশাপাশি নিয়েছেন ২৩১ উইকেট। ওয়ানডেতে ২৩০ ম্যাচে ৯ সেঞ্চুরিসহ তার সংগ্রহ ৭০৮৬ রান, সঙ্গে ৩০১ উইকেট। আর টি-টোয়েন্টিতে ১২৯ ম্যাচে করেছেন ২৫৫১ রান ও শিকার করেছেন ১৪৯ উইকেট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..