গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় বৃহস্পতিবার রাতে সড়কের পাশ দিয়ে পানি নিষ্কাশনের ড্রেনের ম্যানহোলে পড়ে পথচারী এক শিশুর মৃত্যু হয়েছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে শিশুকে মৃত উদ্ধার করেন। নিহত শিশুর পরিচয় জানা যায়নি। তার পড়নে ছিল খয়েরি রঙের প্যান্ট ও কালো রঙের জ্যাকেট।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, রাক সাড়ে সাতটার দিকে চন্দ্রা এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পানি নিষ্কাশনের জন্য গভীর ড্রেনের ম্যানহোলে পথচারী শিশু পড়ে নিখোঁজ হয়।
পরে স্থানীয়রা বিষয়টি কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা অভিযান চালিয়ে মৃত শিশুকে উদ্ধার করে। শিশুর লাশ কালিয়াকৈর থানায় পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ শিশুর পরিচয় শনাক্ত করার চেষ্টা অব্যাহত রেখেছে। এলাকাবাসীর ধারণা, ওই পথচারী শিশু উত্তরবঙ্গেও কোনো এলাকায় বাড়িতে যাওয়ার জন্য চন্দ্রা ত্রিমোড় এলাকায় এসে ম্যানহোলে পড়ে যায়।
কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হাসান রায়হান চৌধুরী বলেন, এক ঘণ্টার চেষ্টায় ম্যানহোলের ভেতর থেকে শিশুর লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার প্রাথমিক ধারণা, ওই শিশু যাতায়াতের সময় ম্যানহোলে পড়ে যায়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক সানোয়ার হোসেন বলেন, শিশুর লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তবে পরিচয় উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
এ জাতীয় আরো খবর..