টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান ক্রিকেটে সমালোচনার ঝড় বইছে। এবার দেশের কিংবদন্তি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ তিন সিনিয়র ক্রিকেটার—বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান কে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন। তার মতে, এই খেলোয়াড়দের সময় শেষ হয়ে গেছে এবং এখন নতুন প্রতিভাদের সুযোগ দেওয়া উচিত।
রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম-এ ভারতের বিপক্ষে ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান মাত্র ১১৪ রানেই অলআউট হয়ে যায়, ভারতের কাছে ৬১ রানে হেরে যায় সালমান আলী আঘাদের দল।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইউসুফ লিখেছেন, ‘শাহিন, বাবর ও শাদাবের সময় শেষ। পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে এখন নতুন পারফর্মারের প্রয়োজন। দুর্বল দলের বিপক্ষে অর্থহীন জয়ের দিন শেষ।’
ভারতের বিরুদ্ধে এই তিন অভিজ্ঞ ক্রিকেটারের পারফরম্যান্স হতাশাজনক ছিল। চার নম্বরে ব্যাট করতে নেমে বাবর মাত্র ৭ বলে ৫ রান করেন। বল হাতে শাহিন আফ্রিদি ২ ওভারে ৩১ রান দিয়ে মাত্র ১ উইকেট নেন। শাদাব খানও ১ ওভার বল করে ১৭ রান দেন এবং ব্যাটে মাত্র ১৪ রান করে দলের চাপ বাড়ান।
পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মতে, বড় ম্যাচে অভিজ্ঞদের এমন পারফরম্যান্স পাকিস্তান ক্রিকেটের জন্য উদ্বেগের বিষয়। তাই বাবর-শাহিন-শাদাবদের ওপর ভরসা কমিয়ে নতুন তরুণদের হাতে টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়ার দাবি তীব্র হচ্ছে।
এ জাতীয় আরো খবর..