সেলফি তুলতে গিয়ে জামায়াত কর্মীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৫, | ১৯:০০:৩৭ |
কুমিল্লার লালমাইয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের বাগমারা দুধ বাজারস্থ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মহিউদ্দিন বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। এছাড়া তিনি একজন জামায়াত কর্মী।  

প্রত্যক্ষদর্শী ও নিহতের ঘনিষ্টরা জানান, মহিউদ্দিন সকালে নিজের অটোরিকশা চালিয়ে বাগমারা বাজারে বাজার করতে যান। সকাল অনুমানিক সাড়ে ৭টায় তিনি রেললাইনে গিয়ে একটি সেলফি তুলেন। সেখানে দাঁড়িয়েই সেলফিটি নিজের ‘ইসলামি শান্তি’ নামে ফেসবুক আইডিতে পোস্ট করে লেখেন ‘আলহামদুলিল্লাহ, শুভ সকাল’। মুহূর্তেই ঢাকাগামী একটি ট্রেন এলে তিনি সরে পড়ার আগেই কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তার ফেসবুক আইডিতে দেখা যায়, শেষ পোস্টের কিছুক্ষণ আগে তিনি অন্য আরেকটি পোস্টে লেখেন ‘আমরা ক্ষমতার জন্য জামায়াতে ইসলামি করি না। হেরে যাওয়ার পরও শিবির, আলহামদুলিল্লাহ।’ 

লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল ট্রেনটি সকাল সাড়ে ৭টায় লাকসাম স্টেশন অতিক্রম করে। সম্ভবত ওই ট্রেনে কাটা পড়ে বাগমারা বাজারে মহিউদ্দিন নিহত হয়েছেন। খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়েছি। তার আগেই নিহতের পরিবার লাশ বাড়ি নিয়ে গেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..