✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ২২:৩৭:১২ |বিগত কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে সারাদেশের ক্ষেত-খামারে ফসল ক্ষতিগ্রস্ত হয়। এতে করে রাজধানীর বাজারে সরবারহ কমে যাওয়া সবজির দাম কিছুটা বেড়েছে। এর পাশাপাশি চাল, তেল, মাছের দামও বেড়েছে। নাজিরশাইল ও মিনিকেট চাল কিনতে প্রতি কেজিতে আগের তুলনায় ১ থেকে ৪ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। তবে, গত ১৫ দিনে মুরগি ও ডিমের দাম কমেছে।
এদিকে লিটারপ্রতি তিন টাকা বাড়লেও রাজধানীর বাজারের বেশিরভাগ দোকানে তেল পাওয়া যাচ্ছে না। আবার কোথাও কোথাও তেল বিক্রি হচ্ছে আগের দামেই।
আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির বাজারের এমনই এক চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি করলা ১০০ থেকে ১২০ টাকা, টমেটো প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা, শসা (হাইব্রিড) প্রতি কেজি ১০০ টাকা, শসা (দেশি) প্রতি কেজি ১২০ টাকা, শিম প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, পটল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ১০০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া মুলা প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৯০ টাকা, ফুলকপি (মাঝারি) প্রতি পিস ৫০ টাকা, বাঁধাকপি (মাঝারি) প্রতি পিস ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকা, কঁচু প্রতি কেজি ১০০ টাকা, ধন্দুল, চিচিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, শালগম প্রতি কেজি ৮০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারে বেসরকারি চাকরিজীবী রফিকুল আলম বলেন, কিছুদিন আগেও সবজির দাম কমে গিয়েছিলো। আবার সবজির বাড়তি দাম বেড়ে গেলো। আজকের বাজারে বলতে গেলে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই, শুধুমাত্র পেঁপের কেজি ৪০ টাকা, বাকি সব ধরনের সবজি আজকে থেকে ১০০ বা ১০০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ার কারণে এক কেজির সবজি আধা কেজি করে কিনতে হলো।
হাতিরপুল বাজারের ক্রেতা মোয়াজ্জেম হোসেন বলেন, আজকের বাজারে বাড়তি দামে সবজি কিনতে হলো। শীতের সময় সবজির সর্বোচ্চ কম দাম থাকার কথা, অথচ এখনো সবজির দাম ৮০ থেকে ১২০ টাকার ঘরে।
এদিকে সবজির দাম বৃদ্ধির কারণ জানিয়ে রামপুরা বাজারের সবজি বিক্রেতা মোর্শেদ আলী বলেন, কয়েকদিন আগের আকস্মিক বৃষ্টির কারণে ফসলের ক্ষেতে সবজিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে গেছে, যে কারণে সবজির দাম বাড়তি চাচ্ছে। তবে সব সময় এটা থাকবে না।
অপরদিকে মাছের বাজারে গিয়ে দেখা যায়, তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২৩০ টাকা কেজি দরে। চাষের কই ২৮০, বায়লা ৩২০, ছোট পাঙ্গাস ২০০ এবং বড় পাঙ্গাস ২৭০ টাকা কেজি। কাতলা মাছের দাম ৩০০ টাকা থেকে শুরু আর বড় আকারের কাতলা কিনতে গুনতে হচ্ছে অন্তত ৫০০ টাকা কেজি।
এছাড়া ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, গলদা চিংড়ি ৮০০, শোল মাছ ৬০০, টেংরা ৫৪০, পাবদা ৩৮০, চাষের শিং ৩০০, পোয়া ৩৫০ এবং মিরকা মাছ ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছ বিক্রেতা বাতেন মিয়া বলেন, শুক্রবার অন্যান্য দিনের চেয়ে মাছের দাম একটু বেশি থাকে। ১০ থেকে ২০ টাকা তফাৎ থাকে। আর মাছের দাম গত সপ্তাহে তুলনায় বেশি কমেনি আবার বেশি বাড়েনি। দাম বাড়লে আমাদের সমস্যা হয়। বেশি পুঁজি লাগে।
তবে, দেশি ও সামুদ্রিক মাছের মধ্যে আইড় মাছের দাম ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা। বাইন মাছ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা কেজি দরে। দেশি শিং মাছের কেজি ১ হাজার টাকা। আর সাগরের পাঙ্গাস বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা কেজি দরে।
এদিকে অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম।
অপরদিকে ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৮০ টাকা আর সোনালি মুরগির কেজি ৩৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।