✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ২২:১৩:৪৭ |জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন প্রতিষ্ঠান তিতাস গ্যাস, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডে (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে পেট্রোবাংলার কয়েকটি পরিচালক পদেও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পর্যন্ত এসব পদে নতুন নিয়োগ ও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলার পরিচালক (প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট-পিএসসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে অতিরিক্ত দায়িত্বে থাকা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকারকে পেট্রোবাংলার চেয়ারম্যান দপ্তরে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে, তিতাস গ্যাসের নতুন এমডির চলতি দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান।
এ ছাড়া আরপিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে আরপিজিসিএলের এমডির দায়িত্ব পেয়েছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আইনুল কবির।
অন্যদিকে, বাপেক্সের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হককে পেট্রোবাংলায় সংযুক্ত করা হয়েছে। তার স্থলে বাপেক্সের এমডির চলতি দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।