✕

সর্বশেষ :
চাঁদা চাওয়ায় ১৭ দিন বন্ধ ছিল ফার্মেসি, পুলিশের আশ্বাসে চালুর পর গুলি চড়া বাজারে চাল-তেলের দাম ঊর্ধ্বমুখী রাজধানীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর পাকিস্তানের কারাগারগুলোতে চিকিৎসাসেবায় ঘাটতি, মানবাধিকার সংস্থার উদ্বেগ বিদেশে কর্মী পাঠাতে অনিয়ম পেলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জ্বালানি খাতে রদবদল, তিন প্রতিষ্ঠানে নতুন এমডি স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া মার্কিন শুল্কের আশঙ্কা সত্ত্বেও ভারতের রপ্তানি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর প্রত্যাশা রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী

পাকিস্তানের কারাগারগুলোতে চিকিৎসাসেবায় ঘাটতি, মানবাধিকার সংস্থার উদ্বেগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ২২:৩০:৪০ |

পাকিস্তানের কারাগার ও সংশোধনাগারগুলোতে বন্দিদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবার চরম অভাব রয়েছে। দেশটির বিচারব্যবস্থার আওতায় থাকা অধিকাংশ বন্দিই মৌলিক ও মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে পাকিস্তানের কারাব্যবস্থার এই কাঠামোগত ও পদ্ধতিগত সংকটের চিত্র উঠে এসেছে। সংস্থাটির এশিয়া অঞ্চলের জ্যেষ্ঠ সহযোগী পরিচালক প্যাট্রিসিয়া গসম্যানের লেখা ওই প্রতিবেদনে কারাবন্দিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি সংস্কারের আহ্বান জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ১৯ নভেম্বর পাকিস্তানের একদল সিনেটর নির্মাণাধীন ‘ইসলামাবাদ মডেল জেল’ পরিদর্শন করেন এবং সেখানে বন্দিদের জন্য নির্ধারিত চিকিৎসাসুবিধাকে ‘পর্যাপ্ত’ বলে অভিহিত করেন। তবে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, সিনেটরদের ওই সাজানো সফরে দেখা পরিস্থিতির সঙ্গে পাকিস্তানের সাধারণ কারাগারগুলোর প্রকৃত বাস্তবতার কোনো মিল নেই। কারা হেফাজতে থাকা অবস্থায় বহু বন্দি অসুস্থ হয়ে পড়লেও তারা সময়মতো কিংবা মানসম্মত চিকিৎসা পান না।

চিকিৎসা বিলম্বের কারণে সম্প্রতি পেশোয়ার কেন্দ্রীয় কারাগারে দুই বন্দির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর এক আইনজীবী পেশোয়ার হাইকোর্টে একটি রিট আবেদন করেন। আবেদনে প্রদেশের সব কারাগারে বন্দিদের চিকিৎসা সহায়তার আবেদনের সময় নথিভুক্ত করা এবং জরুরি প্রয়োজনে হাসপাতালে স্থানান্তরের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ঔপনিবেশিক আমলের আইনের সুযোগ নিয়ে পাকিস্তানের সরকারি কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কারা কার্যক্রমে হস্তক্ষেপ করে আসছেন। অনেক ক্ষেত্রে কারাগারের শোচনীয় পরিস্থিতিকে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। গত ১৬ নভেম্বর কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আইনজীবীর প্রকাশিত এক চিঠিতে ইমরান খান নিজের উচ্চ রক্তচাপ এবং তার স্ত্রী বুশরা বিবির চোখের অস্ত্রোপচারের জন্য জরুরি চিকিৎসার আবেদন জানান। এর আগে আসিফ আলি জারদারি এবং নওয়াজ শরিফও কারা হেফাজতে থাকাকালীন চিকিৎসাসেবা নিয়ে একই ধরনের অভিযোগ তুলেছিলেন। তাদের সবার অভিযোগ, শাস্তির অংশ হিসেবে কারা কর্তৃপক্ষ তাদের চিকিৎসাসুবিধা থেকে বঞ্চিত করেছে।

পরিস্থিতি উত্তরণে পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারগুলোকে কারাগারের স্বাস্থ্যসেবা আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার পরামর্শ দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। বিশেষ করে জাতিসংঘের ‘স্ট্যান্ডার্ড মিনিমাম রুলস ফর দ্য ট্রিটমেন্ট অব প্রিজনার্স’ বা ‘ম্যান্ডেলা রুলস’ অনুসরণের তাগিদ দেওয়া হয়েছে। এই নীতিমালা অনুযায়ী, সাধারণ জনগণ যে মানের চিকিৎসাসেবা পান, কারাবন্দিদেরও বিনামূল্যে সমমানের চিকিৎসা এবং জরুরি অবস্থায় দ্রুত সেবা পাওয়ার অধিকার রয়েছে। এর আগে গত অক্টোবরে ‘জাস্টিস প্রজেক্ট পাকিস্তান’ নামের একটি সংস্থা সব প্রদেশে অভিন্ন মানদণ্ড চালুর দাবি জানায়, যাতে বন্দিরা প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারেন এবং মুক্তির পরও চিকিৎসা চালিয়ে যেতে পারেন।

মানবাধিকার সংস্থাটির মতে, পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারগুলোর উচিত কারাবন্দিদের জন্য চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা এবং চিকিৎসার জন্য রোগীদের অপেক্ষার সময়কাল বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করা। কোনো বন্দিকে জরুরি ভিত্তিতে হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন হলে কারা কর্তৃপক্ষকে দ্রুত পরিবহনের ব্যবস্থা করতে হবে। সর্বোপরি, রাজনৈতিক পরিচয় বা সামাজিক অবস্থান নির্বিশেষে সব বন্দির জন্য সময়মতো, পর্যাপ্ত ও ধারাবাহিক চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..