✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ২১:৫৩:৩৫ |ক্রিকেটারদের পারফরম্যান্সের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে কোচিং স্টাফ থেকে শুরু বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই প্রক্রিয়ায় অংশ হিসেবে শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনেকে সরিয়ে কাইরন পোলার্ডকে প্রধান কোচ করা হয়।
সবশেষ রোহিত শর্মাকে আবারও নেতৃত্বে ফিরিয়ে আনা হয়। হার্দিক পান্ডিয়া পাঞ্জাব কিংসে চলে যাওয়ায় ফ্র্যাঞ্চাইজিটি পুনরায় এই ক্রিকেটারকে এই দায়িত্বে ফিরিয়ে এনেছে। জানা গেছে, চলতি বচেরের অক্টোবরের প্রথম সপ্তাহে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সূর্যকুমার যাদব ও জাসপ্রিত বুমরাহসহ বেশ কয়েকজন প্রার্থীর নাম বিবেচনায় নেওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটি শেষ পর্যন্ত রোহিতকেই বেছে নেয়।
‘ইন্ডিয়া টুডে’-র প্রতিবেদন অনুযায়ী, নেতৃত্বের এই পর্যালোচনার অংশ হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স বুমরাহকে সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিল। তাকে আসন্ন মৌসুমে রোহিতের সহকারী হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ করা হয়েছিল, কিন্তু বুমরাহ তা প্রত্যাখ্যান করেন। তবে কী কারণে তিনি এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, তা জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
অক্টোবরের প্রথম সপ্তাহে ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে বুমরাহকে এই প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। তিনি কেন এমন সিদ্ধান্ত নিলেন, তার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি এবং ফ্র্যাঞ্চাইজিও এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি। হতে পারে আইপিএলের শেষ মৌসুমে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে সূর্যকুমারের পাশাপাশি ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তার চিন্তাভাবনায় প্রভাব ফেলেছে। তবে বিষয়টি স্পষ্ট করার জন্য কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
মুম্বাই ইন্ডিয়ান্সের দীর্ঘদিনের নীতি হলো, তারা কখনোই নির্দিষ্ট কাউকে সহ-অধিনায়ক হিসেবে মনোনীত করে না। সম্ভবত আইপিএল ২০২৭-এর ক্ষেত্রেও তারা আনুষ্ঠানিকভাবে কাউকে সহ-অধিনায়ক ঘোষণা করবে না। আগামী ডিসেম্বরে শুরুতে ডান হাতি এই বোলারের ৩২ বছর পূর্ণ হবে। তিনি ২০১৩ সালে ১৯ বছর বয়সে এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছিলেন।
এরপর থেকে আইপিএলের ১৪টি মৌসুমে তিনি ১৮৭টি উইকেট নিয়েছেন। ২০২৫ সালের মেগা নিলামে রোহিত ও হার্দিকের পাশাপাশি তিনিও ১৮ কোটি রুপিতে ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দলে টিকে ছিলেন। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তার ভবিষ্যৎ কী হবে, যেমন ২০২৮ মৌসুমের আগের মেগা নিলামে তিনি অন্য কোনো দলে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
২০২৪, ২০২৫ এবং ২০২৬ এই তিন মৌসুমে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আইপিএলে টানা হতাশাজনক পারফরম্যান্স তার নেতৃত্বের ওপর আস্থা কমিয়ে দেয় এবং দলের অভ্যন্তরীণ পরিবেশে ফাটল ধরায়। হার্দিক পাঞ্জাব কিংসে চলে যাওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটি দ্রুত পদক্ষেপ নিয়ে রোহিতকে পুনরায় অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনে।
নেতৃত্বের পর্যালোচনার সময় সূর্যকুমার যাদবের নামও বিবেচনায় ছিল, তবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়নি। যদিও ২০২৬ সালের শুরুর দিকেই তিনি ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতিয়েছিলেন। তিলক ভার্মাকেও বিবেচনায় নেওয়া হয়নি, কারণ ফ্র্যাঞ্চাইজি মনে করে তার ক্যারিয়ার এখনও গড়ে ওঠার পর্যায়ে রয়েছে। বর্তমানে তিলক ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের দায়িত্বে আছেন।
এদিকে বুমরাহও সহ-অধিনায়কের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। ফলে মুম্বাই ইন্ডিয়ান্স আগামী মৌসুমে রোহিতকে অধিনায়ক হিসেবে নিয়ে মাঠে নামছে। আর ফ্র্যাঞ্চাইজির নীতি অনুযায়ী, সহ-অধিনায়কের পদটি সম্ভবত খালিই রাখা হচ্ছে।