✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ২১:৩৫:৫৫ |রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ধরা পড়া ২৪ কেজির একটি কাতলা মাছ ৫৭ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। আজ শুক্রবার সকালে দক্ষিণ কোরিয়া প্রবাসী মাহবুবুর রহমানের কাছে মাছটি বিক্রি করেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার স্থানীয় জেলে মাহবুব পদ্মা নদীর লঞ্চ ঘাটের উজানে বাহির চরে জাল ফেলেন। পরে জাল তোলার সময় তার চাপ জালে বড় মাছের অস্তিত্ব টের পান। সেসময় জাল তুলে তিনি কাতলা মাছটি দেখতে পান। এরপর মাছটি বিক্রির জন্য পাঁচ নম্বর ফেরিঘাটে নিয়ে আসলে সেখানে ওজন করে দেখতে পান মাছটি ২৪ কেজি। স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ প্রতি কেজি ২৩০০ টাকা দরে ৫৫ হাজার ২০০ টাকায় সেটি কিনে নেন। পরে অনলাইনে যোগাযোগ করে দক্ষিণ কোরিয়া প্রবাসী মাহবুবুর রহমান মাছটি কেজি প্রতি ২৪০০ টাকা দিয়ে কিনে নেন।
শাহজাহান শেখ বলেন, ‘মাছটি কেনার পর ভিডিও দিলে দক্ষিণ কোরিয়া প্রবাসী তার পরিবারের জন্য মাছটি কিনে নেন। এসময় তিনি কেজি প্রতি ১০০ টাকা লাভ দিলে মাছটি তাকে দিয়ে দেই। সকালেই মাছটি কেটে দূরপাল্লার পরিবহনের মাধ্যমে সংশ্লিষ্ট ক্রেতার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’