✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ২১:১৩:১৬ |প্রজাপতির অবাধ বিচরণ আর প্রকৃতির সুরক্ষার বার্তা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রজাপতি মেলা ২০২৬’। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
এসময় উন্নয়নের নামে গাছপালা কাটা বন্ধের আহ্বান জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, ‘আমি দায়িত্বে থাকা অবস্থায় ক্যাম্পাসে আর কোনো অপরিকল্পিত গাছ কাটতে দেওয়া হবে না। প্রাণ-প্রকৃতি সুরক্ষায় ব্যক্তিগত পর্যায় থেকেও পরিবর্তন আনতে হবে। প্রকৃতি সংরক্ষণ জীবনের সুরক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।’
তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসে এমন প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রজাপতিকে কৃত্রিম নেটের মধ্যে নয়, বরং ফুল ও গাছের সান্নিধ্যে মুক্তভাবে দেখা যাবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপউপাচার্য (শিক্ষা) মো. শামছুল আলম, উপউপাচার্য (প্রশাসন) মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ মো. সোহেল রানা। এ ছাড়া মেলার আহ্বায়ক মো. মনোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি মো. মানছুরুল হক, আইইউসিএনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিপাশা হোসাইন, বন অধিদপ্তরের কর্মকর্তারা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং তথ্য কমিশনের প্রধান অধ্যাপক নাহরিন ইসলাম খান উপস্থিত ছিলেন।
মেলায় প্রকৃতি সংরক্ষণে সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে পানি সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ আইনুন নিশাতকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। অন্যদিকে বন্যপ্রাণী গবেষণায় বিশেষ অবদানের জন্য পুরস্কার পেয়েছেন নাবিলা জামান জ্যোতি।
আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম হয়েছেন অরুণাভো ব্রুনো। দ্বিতীয় স্থান অর্জন করেন মাসুক আহমেদ এবং তৃতীয় হন ইকবাল এইচ বাবু।
এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে গণমাধ্যমে অবদান রাখার স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ‘মিডিয়া অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। ব্রডকাস্ট ক্যাটাগরিতে এনটিভির আকিব সুলতান অর্ণব, প্রিন্ট ক্যাটাগরিতে যৌথভাবে দৈনিক যায়যায়দিনের ওসমান সরদার ও দৈনিক ইত্তেফাকের বেনজির হোসেন এবং ডিজিটাল ক্যাটাগরিতে যৌথভাবে দৈনিক বণিক বার্তার মো. আতাউর রহমান ও দৈনিক নিউ এইজের সাগর হোসাইন এ পুরস্কার লাভ করেন।
দিনব্যাপী মেলায় র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পাপেট শোসহ নানা আয়োজন ছিল। এসব কর্মসূচির মধ্য দিয়ে প্রজাপতি ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।