✕

সর্বশেষ :
চাঁদা চাওয়ায় ১৭ দিন বন্ধ ছিল ফার্মেসি, পুলিশের আশ্বাসে চালুর পর গুলি চড়া বাজারে চাল-তেলের দাম ঊর্ধ্বমুখী রাজধানীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর পাকিস্তানের কারাগারগুলোতে চিকিৎসাসেবায় ঘাটতি, মানবাধিকার সংস্থার উদ্বেগ বিদেশে কর্মী পাঠাতে অনিয়ম পেলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জ্বালানি খাতে রদবদল, তিন প্রতিষ্ঠানে নতুন এমডি স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া মার্কিন শুল্কের আশঙ্কা সত্ত্বেও ভারতের রপ্তানি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর প্রত্যাশা রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী

ছাত্রকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে মাদ্রাসাশিক্ষক বরখাস্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ২১:০৬:৩৫ |

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দিলামছি নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ ফখরুল ইসলামকে এক ছাত্রকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে এক ছাত্রের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদ্রাসা পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত নেয়। আজ শুক্রবার বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক হাফেজ ফখরুল ইসলামের বিরুদ্ধে চার মাস আগেও একই ধরনের অসদাচরণের অভিযোগ তুলেছিল এক ছাত্র। সর্বশেষ গত ২৩ নভেম্বর ১৮ পারা হেফজ বিভাগে অধ্যয়নরত এক আবাসিক শিক্ষার্থীকে ওই শিক্ষক অনৈতিক প্রস্তাব দেন বলে অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে গিয়ে বিষয়টি তার অভিভাবকদের জানায়। এরপর অভিভাবকেরা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর মাদ্রাসা পরিচালনা কমিটি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে বরখাস্ত করা হয়।

তবে অভিযুক্ত শিক্ষককে শুধু বরখাস্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। দ্রুত অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘আমরা বিষয়টি তাৎক্ষণিক জানতে পেরে ওই শিক্ষার্থীর বাবার ক্ষোভের পরিপ্রেক্ষিতে শিক্ষককে মাদ্রাসা থেকে বরখাস্ত করেছি।’

মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মফিজুল্লাহ বিডিআর বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। ছাত্র ও তার বাবা অভিযোগ করায় ওই হাফেজকে মাদ্রাসা থেকে বহিষ্কার করেছি।’

এ বিষয়ে বক্তব্য জানতে শিক্ষক হাফেজ ফখরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..