✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ১৯:৫২:২৩ |কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে সাবেক রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের আপন শ্যালক অধ্যাপক কর্নেল (অব.) জিহাদ খানকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির নেতারা।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার রাতে বৈঠক শেষে সাংবাদিকদের জানান, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী জিহাদ খানই প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিশোরগঞ্জ জেলা জামায়াতের নেতারাও তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্নেল (অব.) অধ্যাপক ডা. জিহাদ খান একজন হৃদ্রোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদ্রোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য। এ ছাড়া তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের আপন শ্যালক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট পেয়েছিলেন। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ড. এম ওসমান ফারুক ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এবার উপনির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আসনটিতে রাজনৈতিক লড়াই নতুন করে জমে উঠবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।
প্রার্থিতার বিষয়ে জিহাদ খান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের মানুষের চিকিৎসাসেবা ও বিভিন্নভাবে সহযোগিতা করার সুযোগ হয়েছে তার। তবে নিজ এলাকার মানুষের জন্য সরাসরি কাজ করার সুযোগ পাননি। এবার করিমগঞ্জ ও তাড়াইলের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করতে চান তিনি।
উল্লেখ্য, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. এম ওসমান ফারুক পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি ২০২৭ এ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপনির্বাচনকে ঘিরে করিমগঞ্জ ও তাড়াইল উপজেলায় রাজনৈতিক তৎপরতা ও ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।