✕


বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হলো বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৮, | ১৩:৩৮:৫৩ |

পাবনার ঈশ্বরদীতে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ৩টা ১৬ মিনিটে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়, যার মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে এই বিদ্যুৎকেন্দ্রটি এখনই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে না; সক্ষমতা ও নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে আপাতত পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।


বিজ্ঞান ও মন্ত্রী ফকির মাহবুব আনাম সাংবাদিকদের জানান, পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং ফলাফল অত্যন্ত সন্তোষজনক। পরবর্তী সময়ে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে তা কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থায় অত্যন্ত সন্তুষ্ট বলেই এই সফল গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সচিব মো. আনোয়ার হোসেন, এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হাছান এবং প্রকল্প পরিচালক মো. কবীর হোসেন উপস্থিত ছিলেন।


রূপপুর কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করার পর বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে। এরপর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে এবং প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে পরবর্তী পরীক্ষা সম্পন্ন করা হবে। রাশিয়ার ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে এবং প্রথম ইউনিটটি পরমাণু শক্তি কমিশনের কাছে হস্তান্তরিত হবে।


এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি আসার পরই রূপপুর পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায়। নিরাপত্তা ভালভের পরীক্ষায় ত্রুটি দেখা দেওয়ায় সেপ্টেম্বর মাসের পরিকল্পনা পিছিয়ে যায় এবং পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমতি নিয়ে গত ১১ অক্টোবর পারমাণবিক বিক্রিয়া শুরু হয়। ২৯ অক্টোবর ভৌত পরীক্ষার ফল বায়েরার অনুমোদনের পর সি স্টেজে প্রবেশ করে রূপপুর, আর মঙ্গলবার সীমিত পরিসরে গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ধাপ অতিক্রম করল। এ দফায় সফল পরীক্ষার পর চূড়ান্ত ধাপ তথা ডি স্টেজে প্রবেশ করবে কেন্দ্রটি এবং উৎপাদন সক্ষমতা ১০০ শতাংশে উন্নীত করতে বায়েরার প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন সাপেক্ষে কয়েক মাস সময় লাগবে।


রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট রূপপুরের ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। রূপপুরের একটি ইউনিট চালু হলে বছরে ১০০ কোটি ডলারের জ্বালানি আমদানি সাশ্রয় করা সম্ভব হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম সতর্ক করে বলেছেন যে দেশের বিদ্যুৎ সঞ্চালন গ্রিড স্মার্ট না হওয়ায় সনাতনী পদ্ধতিতে চাহিদা-সরবরাহ ব্যবস্থাপনায় গ্রিড বিপর্যয়ের ঝুঁকি থেকে যায়, তাই রূপপুরের বেশি হারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে চাহিদা ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।


উল্লেখ্য, ২০১১ সালে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আন্তরাষ্ট্রীয় সহযোগিতা চুক্তি এবং ২০১৫ সালে অ্যাটমস্ট্রয়এক্সপোটের সঙ্গে নির্মাণ চুক্তি স্বাক্ষরিত হয়। দুই দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হলেও ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুসারে খরচ বাড়ার সুযোগ নেই; তবে ডলারের দাম বৃদ্ধির কারণে প্রকল্পের খরচ ২৬ হাজার কোটি টাকা বেড়ে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..