✕

সর্বশেষ :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করার পদক্ষেপ নিচ্ছে সরকার ১১ বছরের শিশুকে যৌন নিপীড়ন, আসামির ৭ বছরের কারাদণ্ড মাইক্রোবাস চালক হত্যা মামলায় নারীসহ তিন আসামির যাবজ্জীবন পাওনা টাকা না পেয়ে প্রযোজকের টেপ রেকর্ডার বিক্রি করেন অক্ষয় ইরানে মৃত্যুদণ্ডের মুখে ৯ নারী, কারাগার থেকে বাঁচার আকুতি চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝরে পড়া শিশুদের শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার সুপারিশ সংসদীয় কমিটির রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের

যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসতে হবে : ডেপুটি স্পিকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৬, | ১৯:২৬:৪৮ |
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশের জাতীয় সংসদকে অধিকতর দক্ষ ও কার্যকরভাবে গড়ে তুলতে হলে সকলকে একসাথে কাজ করতে হবে। যারা সত্যিকার অর্থেই যোগ্য, দক্ষ এবং পেশাদারিত্বের সাথে কাজ করতে পারবেন, দুঃখজনকভাবে তারা রাজনীতিতে আসতে চান না। 

তিনি বলেন, যারা সত্যিকার অর্থে যোগ্য, দক্ষ এবং পেশাদারত্বের সঙ্গে কাজ করতে পারবেন, দুঃখজনকভাবে তারা রাজনীতিতে আসতে চান না। দেশের যোগ্য ও দক্ষ নাগরিকসহ তরুণ প্রজন্ম, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি–পেশার মেধাবী ও সচেতন মানুষকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। জনগণের প্রতিনিধিত্ব করে জাতীয় সংসদে এসে নিজেদের যোগ্যতা, মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ গঠন ও রাষ্ট্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর গুলশানের ‘দি সিক্স সিজনস’ হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন। ঢাকার রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের সহায়তায় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন ‘হাউ ক্যান দ্য জাতীয় সংসদ বি মেড মোর এফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।   

বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং বিভিন্ন সময়ে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাস পর্যালোচনা করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, বাংলাদেশে বারবার গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং জনগণের গণতান্ত্রিক অধিকারকে বাধাগ্রস্ত করা হয়েছে। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করেছিলেন এবং একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু ২০০৮ সালের পর বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ক্রমাগত ভূলুণ্ঠিত হয়েছে এবং মানবাধিকার হরণ করা হয়েছে। নির্বাচন কমিশনকে ক্ষমতা নবায়নের এজেন্ট হিসেবে ব্যবহার করে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে প্রহসনমূলক ও ডামি নির্বাচন করা হয়েছে।

জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়কে আরও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন কায়সার কামাল। তিনি বলেন, বাংলাদেশের সংবিধানের ৭৬(৩), ৭৭ ও ৭৯ অনুচ্ছেদে জাতীয় সংসদ ও সংসদীয় কার্যক্রমের কার্যকর পরিচালনা, সংসদীয় কমিটির ক্ষমতা এবং জাতীয় সংসদ সচিবালয়ের স্বাতন্ত্র্য ও স্বাধীনতার বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে। এসব সাংবিধানিক বিধানের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি সংসদ ও সংসদ সচিবালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষতা ও কার্যকারিতা আরও বৃদ্ধি করা প্রয়োজন।

এ সময় সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। ডেপুটি স্পিকার বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়েও আমাদের নতুন করে ভাবতে হবে এবং এর সংশোধন নিয়ে আলোচনা করতে হবে। সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশ, ভিন্নমত তুলে ধরা এবং জনগণের স্বার্থে কার্যকরভাবে সংসদীয় দায়িত্ব পালনের সুযোগ কীভাবে আরও সম্প্রসারিত করা যায়, সে বিষয়ে গভীরভাবে চিন্তা করা প্রয়োজন।

বর্তমান সংসদের প্রশংসা করে কায়সার কামাল বলেন, বর্তমান সংসদ বিগত যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কার্যকর। অনেক ত্যাগ ও সংগ্রামের পরে আমরা আজকের এই সংসদ পেয়েছি। এখানে সরকারি এবং বিরোধী দল একসাথে মিলেমিশে কাজ করার জন্য চমৎকার পরিবেশ রয়েছে। এখনই উপযুক্ত সময় এই সংসদকে সত্যিকার অর্থেই একটি কার্যকর সংসদ হিসেবে গড়ে তোলার। দিনশেষে এই দেশটা আমাদের এবং আমাদের দেশটাকে আমাদের সবাইকে মিলেই গড়ে তুলতে হবে। এ সময় তিনি সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন অংশীদারসহ প্রত্যেককে দেশ পুনর্গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সেমিনারে সংসদ সদস্য মো. সাইফুল আলম, ফাহিমা নাসরিন ও মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতিসহ বিশিষ্ট ফেলো, সংবিধান বিশেষজ্ঞ, নরওয়েজিয়ান দূতাবাসের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও রাষ্ট্রবিজ্ঞানীগণ অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..