✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৩, | ২১:২৬:৪৮ |যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ২৪ দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২ টার দিকে কারখানাটিতে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান। তিনি জানান, চালুর পর কারখানাটিতে এক হাজার টনের কিছু বেশি পরিমাণে ইউরিয়া সার উৎপাদন হচ্ছে। যান্ত্রিক সমস্যার কারণে গত ১৯ অক্টোবর থেকে উৎপাদন বন্ধ ছিল। ত্রুটি সারিয়ে ফের কারখানা চালু করা হয়েছে।
তিনি আরও জানান, মূলত যান্ত্রিক ত্রুটি এবং গ্যাস সংকটের কারণে কারখানাটি প্রায়ই বন্ধ রাখতে হচ্ছে। গত ছয় মাসের মধ্যে গ্যাস সংকটের কারণে বেশিরভাগ সময়ই উৎপাদন সম্ভব হয়নি। গত মাসে গ্যাস সরবরাহ পাওয়ার পর চালু করা হলেও যান্ত্রিক ত্রুিটর কারণে আবার বন্ধ হয়ে যায়।
সিইউএফএল সূত্র জানায়, কারখানাটি একদিন বন্ধ থাকলে প্রায় তিন কোটি টাকার মতো উৎপাদন ক্ষতি হয়। প্রায় ৪০ বছরের পুরনো কারখানাটির দৈনিক উৎপাদনক্ষমতা প্রায় ৫০০ টন অ্যামোনিয়া (কাঁচামাল) ও এক হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া। একবার যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা সারাতে দীর্ঘ সময় লেগে যায়।