✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৩, | ২১:৪৮:১৯ |ভারতের আসামে মিনিবাসের সঙ্গে কন্টেইনার ট্রাকের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে। এছাড়াও বেশ কয়েক জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাওয়ার পথে কাজিরাঙ্গায় বিপরীত দিক থেকে ছেড়ে আসা কন্টেইনার ট্রাকের সঙ্গে মিনিবাসটির সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েন। মিনিবাসটিতে থাকা যাত্রীদের অধিকাংশই ছিলেন শিক্ষার্থী।
দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। আহতদের চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়; তবে গুরুতর আহতদের অনেককেই পরে জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উদ্ধারকাজ চলাকালীন গোলাঘাটের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) স্বপ্ননীল ডেকা ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ডেকা বলেন, প্রাথমিক প্রতিবেদন দুর্ঘটনায় ২৩ জন মারা গেছেন। আমরা সবাই ঘটনাস্থলে আছি এবং বাস থেকে মৃতদেহ উদ্ধারের কাজ চলছে, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি আরও জানান, মিনিবাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এসএসপি ডেকা জানান, মিনিবাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল এবং জাতীয় উদ্যানের কাছাকাছি এলাকায় আরোপিত বিধিনিষেধ লঙ্ঘন করেছিল। পুলিশের ধারণা, কন্টেইনার ট্রাকের সঙ্গে সংঘর্ষের আগে চালক গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।
আসামের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী অতুল বরা দুর্ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধারকাজ তদারকি করছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, প্রাণহানির এই ঘটনা পুরো রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। এক্সে দেওয়া পোস্টে মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে।