✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৩, | ২২:০২:৫৫ |চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপিক্ষে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে টাইগারদের প্রস্তুতি নিয়ে কথা বলছেন নবনিযুক্ত ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টাইন। তিনি বলেছন, প্রোটিয়াদের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতির ক্ষেত্রে মানিয়ে নেওয়াটাই হবে তাদের মূল বিষয়।
১৫ নভেম্বর ওয়ান্ডারার্সে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। দক্ষিণ আফ্রিকায় মানিয়ে নেওয়ার বিষয়টি টাইগার শিবিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ শান্তদের এখানকার পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। তারা তাদের ক্যারিয়ারের বেশিরভাগ সময় সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতায় খেলে কাটিয়েছেন, অথচ জোহানেসবার্গে তাদের খেলতে হবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৭৫০ মিটার উঁচুতে।
বেনকেনস্টাইন বলেন, আমার মনে হয়, আসল পরীক্ষাটা হবে আমরা এই পরিস্থিতির সঙ্গে কতটা ভালোভাবে এবং কত দ্রুত মানিয়ে নিতে পারি। তিনি আরও বলেন, প্রথম দুই দিনে টেস্ট ম্যাচের আবহে পুরোপুরি ঢুকে পড়াটা সবচেয়ে জরুরি। আমরা চাই না দুপুরের খাবারের বিরতির পর খেলা শুরু করতে। বরং প্রথম বল থেকেই আমাদের পুরোপুরি মনোযোগী ও সতর্ক থাকতে হবে। যেহেতু মাত্র দুটি টেস্ট ম্যাচ, তাই কোনো কিছু বুঝে ওঠার চেষ্টায় পুরো একটি সেশন নষ্ট করার সুযোগ নেই। তাই দ্রুত মানিয়ে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
বেনকেনস্টাইন জানান, তার দলের খেলোয়াড়রা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হতাশাজনক সিরিজটি নিয়ে আলোচনা করছেন না। বরং তারা অস্ট্রেলিয়ায় তাদের ঐতিহাসিক সফরের স্মৃতি থেকে অনুপ্রেরণা নিচ্ছেন। বাংলাদেশ বর্তমানে টেস্ট ক্রিকেটে একটি শক্তিশালী দল হিসেবে বিবেচিত হচ্ছে, যার পেছনে রয়েছে দীর্ঘ ফরম্যাটে তাদের সাম্প্রতিক সাফল্য। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে, তার অজিদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে।
এদিকে শান্তরাও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের হতাশাজনক পারফরম্যান্সকে পেছনে ফেলে এগিয়ে যেতে চাইবেন। সেই সিরিজের ফলেই ডব্লিউটিসি চক্রের শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে থাকার আশা প্রায় ক্ষীণ হয়ে গিয়েছিল। তবে গাণিতিকভাবে এখনো ফাইনালে ওঠার সুযোগ রয়েছে, যদি তারা ডব্লিউটিসি-র বাকি চারটি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজ এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টগুলো জিতে নিতে পারে।
বেনকেনস্টাইন বলেন, আমি একমত ওয়েস্ট ইন্ডিজের সিরিজের পর তারা মানসিকভাবে কিছুটা ভেঙে পড়তে পারে। যদিও আমি ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে ছিলাম না, তবে আমার মনে হয় তারা অস্ট্রেলিয়া সফর নিয়ে অনেক কথা বলছে এবং সেখান থেকেই তারা বেশ আত্মবিশ্বাস পাচ্ছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত অভিজ্ঞতা দারুণ এবং এই দলের সঙ্গে কাজ করাটা চমৎকার। তারা আমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে, আর সামনের চ্যালেঞ্জগুলোর জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা সবাই জানি, বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলা সহজ হবে না, তবে আমার বিশ্বাস, তারা এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। আমিও এই লড়াইয়ের অপেক্ষায় আছি।”
তিনি আরও যোগ করেন, ব্যাটিংয়ের দিক থেকে মূল বিষয় হলো ভিন্ন ধরনের বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়া। দক্ষিণ আফ্রিকার বোলারদের দক্ষতা রয়েছে, তাতে তারা নিশ্চিতভাবেই গতি ও বাউন্স নিয়ে আসবে। তবে যেমনটা বললাম, গত কয়েক মাসে স্টার্ক ও হ্যাজলউডের মতো বোলারদের মোকাবিলা করার অভিজ্ঞতা তাদের মধ্যে বেশ আত্মবিশ্বাস জোগাবে। তাছাড়া, ওয়েস্ট ইন্ডিজ দলেও বেশ কয়েকজন দ্রুতগতির বোলার ছিলেন।
টাইগারদের কোচ বলেন, আপনাকে বিশ্বাস রাখতে হবে, আপনি পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারবেন এবং দক্ষিণ আফ্রিকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আমার দৃঢ় বিশ্বাস, সবার অগোচরে সেই আত্মবিশ্বাসটুকু তাদের মধ্যে রয়েছে এবং তাদের দক্ষতাও নিঃসন্দেহে আছে।